নিরীক্ষায় ফেইসবুকের বিজ্ঞাপনী ডেটা
বিজ্ঞাপনদাতাদের আরও স্বচ্ছতা দিতে বিজ্ঞাপনী ডেটা স্বাধীন নিরীক্ষণের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।
ফেইসবুকে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলোর ডেটাই নিরীক্ষণের জন্য দেবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে নিরীক্ষণের কাজটি করবে মিডিয়া নীতি নির্ধারক প্রতিষ্ঠান ‘মিডিয়া রেটিং কাউন্সিল’, জানিয়েছে বিবিসি।
এক মাস আগেই ফেইসবুক স্বীকার করে বিজ্ঞাপনের ক্ষেত্রে মূল ‘অ্যাড মেট্রিকস’ বাড়িয়ে বলছে প্রতিষ্ঠানটি। ফেইসবুকের বিজ্ঞাপন মাপার আদর্শকে অ্যাড মেট্রিকস বলা হয়।
আগের বছর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় ভিডিওতে গ্রাহকের গড় সময় কৃত্রিমভাবে বাড়তি বলা হচ্ছে। কারণ এটি শুধু সেসব ভিউকে গণনা করে যেগুলো তিন সেকেন্ডের বেশি সময় ধরে দেখা হয়।
এ কারণেই বিজ্ঞাপনদাতার আস্থা পেতে ডেটা নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক। নিরীক্ষণের জন্য ফেইসবুকে দেখানো বিজ্ঞাপণের সময়ের মিলিসেকেন্ডের সঠিক তথ্য দেবে প্রতিষ্ঠানটি।
শুধু ফেইসবুকই নয় প্রতিষ্ঠানটির ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম-এর বিজ্ঞাপনী তথ্যও দেবে প্রতিষ্ঠানটি।
ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছরের শেষ দিকে বিজ্ঞাপনদাতার জন্য ভিডিও বিজ্ঞাপন ক্রয়ের বাড়তি অপশন রাখা হতে পারে।
