ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইফোন ৭এস
নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে মডিফাইড আইফোন ৭ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গোপন যোগাযোগ এবং সংবেদনশীল ডেটা সংরক্ষণের জন্য আইফোন ৭-কে মডিফাই করার দায়িত্ব দেওয়া হয়ছে ব্রিটিশ টেলিকমিউনিকেশনস (বিটি) গ্রুপকে। সেনা সদস্যরা যাতে হ্যাকিং এবং গুপ্তচরবৃত্তির ভয় ছাড়াই ফোনে তাদের কার্যক্রম চালাতে পারেন সে জন্যই আইফোন ৭-কে পরিবর্তন করা হচ্ছে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের ব্যবহারের জন্য প্রথম পছন্দ ছিল দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৪, যা ২০১৪ সালে বাজারে আসে। কিন্তু দুই কারণে তা ব্যবহারের জন্য মডিফাই করতে রাজী হয়নি বিটি। প্রথম কারণ নোট ৪-এর নিরাপত্তা তেমন মজবুত নয়। আর দ্বিতীয় কারণ বলা হয়েছে আগে থেকেই অনেক সদস্য আইফোন ৭ ব্যবহার করে আসছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যরা যোগাযোগের বিষয়ের সংবেদনশীলতার মাত্রা বিবেচনা করে দুইটি মোডে আইফোনগুলো ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
“সাধারণত যাকে বলা হয় ‘ডুয়াল-পারসোনা ডিভাইস’ তা তৈরি করতে আমরা তাদের সঙ্গে কাজ করছি। মূলত আপনার অফিসিয়াল এবং গোপন কন্ঠ হবে ডিভাইসটি,” বলেন বিটি-এর প্রতিরক্ষা বিভাগের প্রযুক্তি ব্যবসায় ব্যবস্থাপক স্টিভ বান।
শুধু যোগাযোগই নয় আইফোনের জন্য নিরাপদ স্টোরেজ তৈরির লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
সরকারি কর্মকর্তাদের জন্য যোগাযোগের নিরাপত্তা সকল দেশেই অত্যন্ত সংবেদনশীল। আর সে কারণে তাদের এ নিরাপত্তা নিশ্চিত করতেই অনেক দেশে বিশেষ ডিভাইসের ব্যবহার দেখা যায়।
মাত্রই ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জন্যও এনক্রিপ্টেড আইফোন দেওয়া হয়েছে। কিন্তু এর পরিবর্তে এখনও তার অরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই ফোন থেকেই ক্রমাগত টুইট করছেন তিনি।
