২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়াওমি ছেড়ে ফেইসবুকে হুগো বারা

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি’র অন্যতম শীর্ষ বৈশ্বিক নির্বাহী কর্মকর্তা হুগো বারা-কে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 03:42 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান প্রতিষ্ঠানটিতে অকুলাসসহ অন্যান্য ভার্চুয়াল রিয়ালিটি ব্যবসায় নেতৃত্ব দেবেন হুগো, জানিয়েছে রয়টার্স। এ সময় তিনি আরও বলেন ভবিষ্যতে প্রতিষ্ঠানের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে ভার্চুয়াল রিয়ালিটি।

জাকার্বার্গ বলেন, বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির দামও কিছুটা কমেছে এবং এর ব্যবহারও পরিষ্কার বোঝা যাচ্ছে। ২০১৪ সালে ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস-কে অধিগ্রহণ করে ফেইসবুক।

এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ বলেন, “হুগোও আমার মতো বিশ্বাস করেন যে ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি হবে পরবর্তী মূল কম্পিউটিং প্ল্যাটফর্ম। সেগুলো আমাদেরকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে।”

এর আগে চীনা প্রতিষ্ঠান শিয়াওমি-তে কর্মরত থাকা অবস্থায় হুগোর তত্ত্বাবধানে দ্রুত সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহের শুরুতেই শিয়াওমি ছাড়ার ঘোষণা দেন তিনি।

শিয়াওমি-তে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন হুগো। প্রতিষ্ঠান ছাড়ার কারণ হিসেবে স্বাস্থ্য সচেতনতা এবং নতুন চাকুরির কথা বলেন তিনি।

শিয়াওমিতে যোগদানের পূর্বে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের মোবাইল প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েডের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন হুগো। সেখান থেকেই ২০১৩ সালে শিয়াওমি-তে যোগ দেন তিনি।