২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরই নতুন তিন আইপ্যাড

চলতি বছরই নতুন তিনটি আইপ্যাড উন্মোচন করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, নতুন প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এবার আগের দুইটি মাপের সঙ্গে দেখা যেতে পারে সম্পূর্ণ নতুন মাপের আরেকটি আইপ্যাড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 10:27 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

২০১৫ সালের নভেম্বরে উন্মোচিত হয় অ্যাপলের ১২.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড প্রো। আর আগের বছর মার্চে এই আইপ্যাডেরই ৯.৭ ইঞ্চি পর্দার ছোট সংস্করণ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এ বছর নতুন কোনো আইপ্যাড উন্মোচন করেনি প্রতিষ্ঠানটি।

আগের বছর নতুন আইফোন, অ্যাপলওয়াচ এবং ম্যাকবুক উন্মোচন করা হলেও আইপ্যাড নিয়ে কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।

নতুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এ বছর আইপ্যাড প্রো-এর দ্বিতীয় সংস্করণ আনবে অ্যাপল। এবারও ১২.৯ এবং ৯.৭ দুইটি মাপে আসবে আইপ্যাডটি।

এর পাশাপাশি সম্পূর্ণ নতুন মাপের আরেকটি আইপ্যাড আনা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন এই ডিভাইসটির পর্দার মাপ হবে ১০ থেকে ১০.৫ ইঞ্চি। প্রতিষ্ঠানটি এখনও মাপ নিয়ে পরীক্ষা নীরিক্ষা করছে বলে জানিয়েছে, ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

নিরাপত্তা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-ছি কুয়ো বলেন, “নতুন মডেলগুলো ১২.৯ ইঞ্চি, ১০-১০.৫ ইঞ্চি এবং ৯.৭ ইঞ্চি সংস্করণে আসবে। এর মধ্যে ১২.৯ ইঞ্চি মডেলটি বর্তমানের ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো-এর দ্বিতীয় সংস্করণ হবে, ১০-১০.৫ ইঞ্চি মডেলটি হবে উচ্চ কার্যক্ষমতার মডেল যেখানে খুবই সরু বেজেল ডিজাইন থাকবে এবং ৯.৭ ইঞ্চি মডেলটি হবে কম দামী সংস্করণ।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি বছরের মার্চ বা এপ্রিলের শুরুতেই এই আইপ্যাডগুলো উন্মোচন করা হতে পারে।