২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে সাবেক সিএনএন কর্মী

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি ও সিএনএন-এর সাবেক উপস্থাপক ক্যাম্পবেল ব্রাউন-কে নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 06:00 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

ফেইসবুকের নতুন সংবাদ অংশীদারীত্ব দলের নেতৃত্ব দিতে তাকে আনা হয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমটিতে ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ ব্রাউনের কাজ হবে না বলে জানিয়েছে আইএএনএস।

২০১৬ সালের ডিসেম্বরে এই পদ খোলা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, এই পদে যোগদান করা ব্যক্তি হয়তো কীভাবে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন আর ভুয়া সংবাদের মতো বিষয়গুলোতে কীভাবে কৌশলগত সম্পাদকীয় বিচার করা যায় তা নিয়ে প্রতিষ্ঠানটিকে পরামর্শ দেবেন। তবে, শুক্রবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাউনের কাজ কোনো প্রধান বার্তা সম্পাদকের মতো হবে না।

শুক্রবার নিজের ফেইসবুক পেইজ থেকে এক পোস্টে ব্রাউন বলেন, “এটি আমাদের জন্য একটি ভিন্ন কাজ, কিন্তু এখানে সংবাদসংস্থাগুলো ও সাংবাদিকদের ফেইসবুকের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও কার্যকরীভাবে কাজ করতে সহায়তা করতে আমি আমার বার্তাকক্ষের অভিজ্ঞতা কাজে লাগাব।”       

শেষ কয়েক মাস ধরে ভুয়া সংবাদ ছড়ানো আর সেন্সরশিপ নিয়ে ফেইসবুককে নানা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। ভুয়া সংবাদ ছড়ানো বন্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ফেইসবুক।

ব্রাউন ফেইসবুক আর সংবাদ সংস্থাগুলোর একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন বলে বলা হচ্ছে।

এদিকে, শনিবার মার্কিন সাময়িকী ফরচুন জানায়, ফেইসবুক তাদের নিজস্ব টিভি-স্টাইল অনুষ্ঠানের জন্য বিনিয়োগ বা লাইসেন্সের পরিকল্পনা করছে।