টেসলা-কে টেক্কা দিতে ফ্যারাডে ফিউচার
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমারস ইলেক্ট্রনিক শো (সিইএস) ২০১৭-তে স্ব-চালিত বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে স্টার্ট-আপ প্রতিষ্ঠান ‘ফ্যারাডে ফিউচার’।
এফএফ৯১ নামের নতুন এই গাড়িটি দিয়ে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা-কে টেক্কা দেওয়ার প্রয়াশ করছে ফ্যারাডে ফিউচার। এফএফ৯১ মডেলের এই গাড়িটির ঘন্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সময় লাগে ২.৩৯ সেকেন্ড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবী করা হয়েছে এটি টেসলার মডেল এস এবং অন্য যেকোনো বৈদ্যুতিক গাড়ির চেয়ে দ্রুত গতি তুলতে পারে, জানিয়েছে বিবিসি।
সিইএস-২০১৭ এ গাড়িটির লাইভ ডেমো প্রধান করে নির্মাতা প্রতিষ্ঠানটি। সেখানে গাড়িটিকে পার্কিংয়ের জায়গায় নিজে থেকে চলতে এবং খালি জায়গায় পেছনের দিকে গিয়ে পার্ক করতে দেখা যায়। আগের ধারণ করা ভিডিওতে দেখানো হয় গাড়িটি গাড়িটি শূন্য থেকে ৬০ মাইল গত তুলতে সময় নিচ্ছে ২.৩৯ সেকেন্ড। যেখানে একই রাস্তায় টেসলার সবচেয়ে দ্রুত গতির গাড়ির সময় লাগে ২.৫ সেকেন্ড।
ভিডিও ফুটেজে গাড়িটি ভালো দেখালেও অনুষ্ঠানে তা উপস্থাপনকালে বাধ সাধে গাড়িটি। ফ্যারাডে ফিউচার-এর প্রধান নির্বাহী জিয়া ইউয়েটিং গাড়িটি স্ব-চালিত পার্কিং দেখানোর নির্দেশ দিলে গাড়িটি মঞ্চে নিথর দাঁড়িয়ে থাকে।
এ ব্যাপারে পরে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক সম্পসন বলেন, “ঠিক আছে, মনে হচ্ছে আজ রাতে এটি একটু অলস।” দ্বিতীয়বারের চেষ্টায় গাড়িটি কাজ করে।
চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘লিকো’ এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এর আগে আর্থিক সমস্যাও পড়তে হয়েছে ফ্যারাডে ফিউচার-কে।
আগের বছর এক সংবাদ সম্মেলনে গাড়িটির কনসেপ্ট উন্মোচন করেছিল এই মার্কিন প্রতিষ্ঠানটি।
গাড়িটি উপস্থাপনকালে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা পিটার স্যাভাজিয়ান জানান এফএফ৯১ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক স্ট্যান্ডার্ড থেকে চার্জ করা যেতে পারে। আর ঘন্টায় ৫৫ মাইল বেগে চললে গাড়িটি একবার পূর্ণ চার্জে ৪৮২ মাইল যেতে পারে।
২০২০ সালের মধ্যে ফ্যারাডে ফিউচারের মতো আরও অনেক প্রতিষ্ঠানই বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে। বর্তমানে এই বাজার শীর্ষস্থান রয়েছে টেসলার দখলে।
ফিউচারসোর্স-এর বিশ্লেষক সায়মন ব্রায়ান্ট বলেন, “টেসলা সেই ব্র্যান্ডগুলোর মধ্যে একটি যা আকর্ষণীয় বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে এবং ব্র্যান্ডটি উদ্ভাবন করেই যাচ্ছে।”
এবার এফএফ৯১ গাড়ি দিয়ে টেসলাকেই টেক্কা দিতে চাচ্ছে ফ্যারাডে ফিউচার। ২০১৮ সালেই গাড়িটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আর এটি প্রি-অর্ডার করতে গ্রাহককে অফেরতযোগ্য পাঁচ হাজার মার্কিন ডলার জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
