২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের অংশীদারী প্রতিষ্ঠান এল ভারতে

ভারতে কারখানা খোলার জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেছে তাইওয়ানিজ চুক্তিভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রোন কর্পোরেশন। সোমবার দেশটির স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে একথা জানানো হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 07:49 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

বেশ কিছু প্রতিষ্ঠানের জন্যই স্মার্টফোন তৈরি করে উইস্ট্রোন। প্রতিষ্ঠানের গ্রাহকের তালিকায় মার্কিন টেক জায়ান্ট অ্যাপলও রয়েছে। ভারতের ব্যাঙ্গালুরুতে নতুন উৎপাদন প্ল্যান্ট তৈরির জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির আবেদন দ্রুত পর্যালোচনা করার জন্যও অনুরোধ করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন দক্ষিণ ভারতীয় কার্নাটাক-এর রাজ্য সরকারের এক কর্মকর্তা।

দুই সপ্তাহ আগেই ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ভারতে পণ্য উৎপাদনের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছে অ্যাপল।

স্মার্টফোনের দিক থেকে ভারতকে বিশ্বের বড় বাজারগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। যেখানে অ্যাপলের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র দুই শতাংশ। তাই দেশটিতে ব্যবসা বাড়াতে সেখানেই স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

উইস্ট্রোন যেহেতু অ্যাপলের অংশীদার প্রতিষ্ঠান তাই ধারণা করা হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ভারতে উৎপাদন শুরু করবে অ্যাপল। আর ভারতে অ্যাপল উৎপাদন শুরু করলে তা ভারতের ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের জন্য বড় স্বার্থকতা হবে বলেও ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা জানান, “কিছু ক্ষেত্রে অনুমতির জন্য উইস্ট্রোন আমাদের কাছে এসেছে যাতে করে তারা তাদের ব্যবসা বাড়াতে পারে।”

এ ব্যাপারে জানতে অ্যাপল এবং উইস্ট্রোন-এর সঙ্গে যোগা্যগ করা হলে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মন্তব্য পাওয়া যায়নি।

অ্যাপলের আরেক তাইওয়ানিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন-এর দক্ষিণ ভারতে উৎপাদন কারখানা রয়েছে।