শেষ হল মহাকাশ উৎসব ২০১৬
রাজশাহী, চট্রগ্রাম ও সিলেট আয়োজনের পর এবার ঢাকায় জাতীয় আয়োজন সম্পন্নের মাধ্যমে পর্দা নেমেছে ডিজায়ার গ্ল্যান্স ইনকর্পোরেশন আয়োজিত জাতীয় মহাকাশ উৎসব ২০১৬ আসরের।
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-এর আশুলিয়া ক্যাম্পাসে আয়োজন করা হয় ‘ন্যাশনাল স্পেস কার্নিভাল ২০১৬’ -এর।
আয়োজকরা জানান, ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে সারাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের থেকে আগত প্রতিযোগীদের সমাগম হয় অনুষ্ঠান প্রাঙ্গনে। জ্যোতির্বিজ্ঞানের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আয়োজিত এই মহাকাশ মহোৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর চেয়ারম্যান মুহম্মদ দিলোয়ার বখত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রযুক্তি পাতা এই আয়োজনে অন্যতম অংশীদার ছিল।
সারাদিনব্যাপী এই উৎসবে প্রতিযোগীদের জন্য ছিল জ্যোতির্বিজ্ঞানবিষয়ক চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক, অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, গল্প লেখা, স্পেস ক্রাফট মডেল মেকিংসহ আরও নানা আয়োজন। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিকেলে ছিল ডিজায়ার গ্ল্যান্স-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ম্যাজিকবক্স বিডি-এর প্রধান নির্বাহী আসিফ মাহমুদ শুভ-এর ড্রোন নিয়ে বিশেষ আয়োজন। তারপর ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে প্রতিযোগীদের জন্য কর্মশালা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা কনভেনর এস এম সোবহানী সৌরভ। পুরস্কার বিতরণীতে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট। ডিজায়ার গ্ল্যান্স ইনকর্পোরেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী খন্দকার আবদুল্লাহ আল- তাহমীদ এর সমাপনি বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয় এই আসরের।
