২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক গাড়িতে হারাবে চাকুরি

বৈদ্যুতিক গাড়ির দিকে সরে যাওয়ায় কমে যাবে গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী জার্মান প্রতিষ্ঠান কন্টিনেন্টাল-এর কর্মী সংখ্যা। দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ওয়েল্ট অ্যাম সনট্যাগ’-কে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

রয়টার্স জানিয়েছে, চাকুরি কমলেও ঐ চাকুরিগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরিতে নতুন চাকুরি তৈরি করবে বলে আশ্বস্ত করেছেন কন্টিনেন্টাল প্রধান নির্বাহী এলমার ডেজেনহার্ট।

আগের মাসে কন্টিনেন্টাল-এর পক্ষ থেকে বলা হয় সামনের বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ তৈরিতে খরচ বাড়াবে প্রতিষ্ঠানটি।

“কম মূল্যমানের কারণে উৎপাদন খাতে চাকুরি কমবে,” বলেন ডেজেনহার্ট।

তিনি আরও বলেন এটি এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না, যত চাকুরি হারাবে তার চেয়ে বেশি নাকি কম নতুন চাকুরি তৈরি হবে।

তিনি বলেন, “এই প্রক্রিয়াটি নকশা করার জন্য যথেষ্ট সময় রয়েছে যাতে ধাক্কা কিছুটা হালকা হয় এবং মূল বেদনাগুলোকে উপেক্ষা করা যায়।”

পত্রিকায় আরও জানানো হয়, কন্টিনেন্টাল-এর ২,১৮০০০ এর মধ্যে ৩০,০০০ চাকুরি ইঞ্জিনের জ্বলনক্রিয়ার উপর নির্ভরশীল। বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকলে এই ইঞ্জিনগুলো আর কাজে আসবে না। তাই এই চাকুরিগুলোও আর থাকবে না।

সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রায় সকল শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে মনযোগ দিয়েছে। তাই এবার এই খাতের দিকেই নজর দিয়েছে গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানগুলোও।