২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে ফেইসবুকের ‘ভুয়া’ সতর্কবার্তা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফেইসবুকে ‘সেইফটি চেক ফিচার’ চালুর পর মঙ্গলবার ব্যবহারকারিদের উদ্দেশ্যে ‘বিস্ফোরণের মিথ্যা সতর্কবার্তা’ প্রচার করা হয়।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

ফেইসবুকের এই ফিচার সাধারণত বিপজ্জনক পরিস্থিতি বা স্থানে নিরাপদে থাকা ফেইসবুক ব্যবহারকারীদের চিহ্নিত করতে ব্যবহৃত হয়। কিন্তু থাইল্যান্ডে কয়েকজন বিক্ষোভকারী পটকা নিক্ষেপ করার পরই এই ঘটনার সূত্রপাত হয়। অনলাইনে এই ঘটনাকে ‘বিস্ফোরণ’ আখ্যা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে এই খবর শেয়ার করা শুরু করলে এই বিভ্রান্তি তৈরি হয়।

মঙ্গলবার একজন বিক্ষোভকারী ব্যাংককে একটি সরকারি ভবনে ছোট পটকা ছুড়ে মারে বলে জানিয়েছে বিবিসি। ফেইসবুকের তথ্যমতে, স্থানীয় সময় রাত ৯ টায় ‘ থাইল্যান্ডের ব্যাংককে বিস্ফোরণ’ নামে একটি পেইজ তৈরি করা হয় আর মানুষ এতে নিজেদের ‘নিরাপদ’ চিহ্নিত করতে শুরু করে।

ঐ পেইজে ব্যাংকক ইনফর্মার ডটকম নামের ওয়েবসাইট থেকে প্রকাশিত বিবিসির ব্রেকিং নিউজ ভিডিও উল্লেখ করে ব্যাংককের একটি বিস্ফোরণ সম্পর্কে একটি লিঙ্ক দেওয়া হয়। কিন্তু ভিডিওটি ২০১৫ সালে ইরাওয়ান দরগাহর বিস্ফোরণের ভিডিও ছিল বলে পরে জানা যায়।

এ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির দাবি, তারা যে কোনো ঘটনা নিশ্চিত করতে ‘বিশ্বস্ত তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল’। সম্প্রতি ফেইসবুকের মাধ্যমে জাল খবর ছড়িয়ে পড়া নিয়ে সামাজিক মাধ্যমটি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।