টাঙ্গাইলে শেষ হল ছাত্রীদের প্রোগ্রামিং ক্যাম্প
২৪ ডিসেম্বর টাঙ্গাইলে শেষ হয়েছে হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪২ জন ছাত্রীকে নিয়ে আয়োজিত ‘গ্রেস হপার গার্লস ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট’।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত এই ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিল টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।
২২ ডিসেম্বর বিভাগীয় প্রধান ড. মতিউর রহমান তিন দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন। তিনদিনের ক্যাম্পে প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলোর পাশাপাশি ডাইনামিক প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের জন্য প্রয়োজনীয় গণিত এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ পরিচালনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক দেলওয়ার হোসেন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাহিদুল ইসলাম ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, মেয়েদের মধ্যে প্রোগ্রামিং-কে জনপ্রিয় করা ও তাদের প্রোগ্রামিং দক্ষতার উন্নয়নে বিডিওএসএন-এর #মিসিংডটার কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন স্থানে মেয়েদের জন্য এ প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করছে। ২৭-২৯ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হবে।
