জাকারবার্গে অসন্তুষ্ট ল্যাভেইন
চলতি সপ্তাহের শুরুতেই স্মার্ট অ্যাসিস্টেন্ট এআই সিস্টেম ‘জার্ভিস’ উন্মোচন করেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
তার অবসর সময়ে তৈরি সফটওয়্যারটি দেখাতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। আর তাতেই কানাডিয়ান রক ব্যান্ড নিকেলব্যাক-কে বিদ্রুপ করায় জাকারবার্গের উপর চটেছেন সঙ্গীত শিল্পী অ্যাভ্রিল ল্যাভেইন।
জাকারবার্গের তৈরি এআই মিউজিক বাছাই করা এবং চালু করতে পারে। এ ছাড়া ঘরের বাতি জ্বালানো, অতিথিকে শনাক্ত করা এবং সামনের দরজা খোলা হবে কিনা তাও সিদ্ধান্ত নিতে পারে এই জার্ভিস।
ভিডিওতে দেখা গেছে জাকারবার্গ জার্ভিসকে বলেছেন, “আমাদেরকে নিকেলব্যাক-এর কিছু ভালো গান শোনাও।” তখন জার্ভিস উত্তরে বলে, “আমি দুঃখিত মার্ক, আমি ভীত যে আমি তা করতে পারব না কারণ নিকেলব্যাক-এর কোনো ভালো গান নেই।”
তখন জাকারবার্গ তাকে থামিয়ে বলেন, “ভালো, এটি আসলে একটি পরীক্ষা ছিল।”
ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার জানায়, ২২ ডিসেম্বর বিকালে জাকারবার্গের এমন আচরণের সমালোচনা করে ল্যাভেইন টুইটার পোস্টে বলেন এটি ‘খারাপ রুচির’ পরিচয় দেয়। “হয়রানী প্রচারণার ব্যাপারে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার।”
২০১৫ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত নিকলব্যাক-এর প্রধান শিল্পী চ্যাড ক্রোয়েগার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। বিচ্ছেদ হলেও এখনও তার সঙ্গে ভালো বন্ধুত্ব বজায় রেখেছেন ল্যাভেইন।
জাকারবার্গের তৈরি এআই অ্যাসিসটেন্ট ‘জার্ভিস’-এ কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী অভিনেতা মর্গান ফ্রিম্যান।
