২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেনের বিনোদন প্রযুক্তিতে নিরাপত্তা ত্রুটি

প্লেনের অভ্যন্তরীন বিনোদন ব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকি বের করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সিস্টেমের দূর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা কেবিনের বিনোদন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে পারেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বিনোদন ব্যবস্থার এই ত্রুটি বড় ধরনের ঝুঁকির কারণও হতে পারে। হ্যাকাররা এটি নিয়ন্ত্রণ করে কেবিন লাইট বন্ধ, উচ্চতার তথ্য পরিবর্তন, ভুয়া ম্যাপ প্রদর্শন এবং পিএ ব্যবহার করে বার্তা সম্প্রচার করতে পারেন বলে জানিয়েছে বিবিসি।

এ ছাড়া এই ত্রুটির কারণে হামলাকারীরা যাত্রীর ব্যক্তিগত এবং ক্রেডিট কার্ডের তথ্য পেতে পারেন বলেও জানানো হয়।

প্যানাসনিক অ্যাারো নামের ইন-ফ্লাইট সিস্টেমে এ ত্রুটি বের করেছেন নিরাপত্তা প্রতিষ্ঠান আইওঅ্যাক্টিভ-এর গবেষক রুবেন স্যান্টামার্তা। ভার্জিন, এমিরেটস, এয়ারফ্রান্স, আমেরিকান এয়ারলাইন্স এবং কেএলমসহ বেশ কিছু এয়ারলাইনে এই বিনোদন ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে।

স্যান্টামার্তা জানান, তিনি দুই বছর আগে প্যানাসনিক সিস্টেম নিয়ে গবেষণা শুরু করেন। দুবাই যাওয়ার পথে ফ্লাইটে দূর্ঘটনাবশত তিনি তার আসনের পর্দায়  ‘ডিবাগ ডেটা’ দেখান। অনলাইন সার্চের মাধ্যমে তিনি ধীরে ধীরে অ্যারো সিস্টেমের তথ্য বের করেন।

তিনি বলেন, “সিস্টেমের সকল তথ্য আমি আমার কম্পিউটারে নিয়ে নেই যাতে আমি পুরো সিস্টেমটি সেখানে অনুকরণ করে চালাতে পারি।”

অ্যারো নেটওয়ার্ক সিস্টেমের কপি যাচাই করে তিনি এর ত্রুটিগুলো খুঁজে বের করেন যার মাধ্যমে পুরো সিস্টেমই নিয়ন্ত্রণ করা যেতে পারে।

বিনোদন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেলেও স্বস্তির বিষয় হল এই সিস্টেম প্লেন চালনা সিস্টেমের সঙ্গে যুক্ত নয়। তবে, তিনি আরও বলেন কিছু এয়ারলাইন দুইটি সিস্টেমকে এক সঙ্গে যুক্তও করতে পারেন।

আইওঅ্যাক্টিভ-এর পক্ষ থেকে ত্রুটির বিষয়টি প্যানাসনিক-কে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে প্যানাসনিক-এর সঙ্গে যোগা্যোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি।