২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইটওয়্যার-কে কিনছে থান্ডার সফটওয়্যার

ফিনল্যান্ডভিত্তিক মোটরগাড়িবিষয়ক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রাইটওয়্যার-কে ৬ কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে কিনতে সম্মত হওয়ার কথা জানিয়েছে চীনা মোবাইল অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান থান্ডার সফটওয়্যার টেকনোলজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

রাইটওয়্যার জানায়, তাদের  ‘কানজি’ নামের সফটওয়্যার বিশ্বের প্রায় ২০টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের গাড়ির ডিজিটাল ড্যাশবোর্ড এবং এন্টারটেইনমেন্ট সিস্টেমের জন্যে ব্যবহার করে। ২০১৫ সালে মার্কিন পেশাদার সেবাদাতা প্রতিষ্ঠান ডেলয়েট-এর করা দ্রুত উন্নত হচ্ছে এমন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম ৫০টিতে অবস্থান পায়।

অন্যদিকে, থান্ডার সফটওয়্যার স্মার্টফোন আর ট্যাবলেট সম্পর্কিত বিভিন্ন সমাধান দিয়ে থাকে। সে সঙ্গে গাড়ির জন্য স্মার্ট অপারেটিং সিস্টেম, আইওটি ডিভাইস ও স্মার্ট হার্ডওয়্যার সম্পর্কিত সমাধান ও মোবাইল নিরাপত্তা অপারেটিং সিস্টেমও সরবরাহ করে থাকে। 

রয়টার্স জানিয়েছে, কোনো চীনা প্রতিষ্ঠানের জন্য এটি প্রথম বহির্বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে এবং ২০১৭ সালের শুরুতেই এই চুক্তি কার্যকর হবে। রাইটওয়্যার প্রতিষ্ঠানটি চীনা প্রতিষ্ঠানটির অধীনে থাকলেও ব্যবস্থাপনা অনুযায়ী তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে।

সম্প্রতি ফিনিশ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল আর চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস-এর মধ্যে একই ধরনের একটি চুক্তি সম্পন্ন হয়।