২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ন ফিল্টার নেই? আপনার পিসি অবৈধ!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় মানব পাচার প্রতিরোধ আইন নামে নতুন এক আইন প্রস্তাবিত হয়েছে। এই আইনে পর্ন ফিল্টারবিহীন কম্পিউটার বিক্রি করাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

চলতি মাসে দেশটির রিপাবলিকান নেতা বিল চামলে এই বিল উত্থাপন করেন। বিলটি পাশ হলে কম্পিউটার নির্মাতা আর বিক্রেতাদেরকে ডিভাইসে ডিজিটাল ব্লকিং ক্ষমতা যুক্ত করতে হবে। এই ব্যবস্থা চালু করা হলে প্রাপ্তবয়স্কদের সাইটগুলোতে সব বয়সীদের ‘অবাধ বিচরণ’ বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।  কেবল কম্পিউটারেই নয়, ইন্টারনেট ব্যবহার করা যায় হাতের কাছে থাকা এমন সব ডিভাইসের জন্য এই আইন প্রযোজ্য হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

বিক্রেতা রাষ্ট্রকে প্রতি ডিভাইস বিক্রির জন্য ‘বাধ্যতামূলকভাবে’ ২০ ডলার দিয়ে এই ফিল্টার এড়াতে পারবেন।  একইভাবে ডিভাইস কেনার পর ক্রেতা চাইলে সরকারকে ২০ ডলার পরিশোধ করে  ডিভাইস থেকে ফিল্টার সরিয়ে ফেলতে পারবেন।  তবে এজন্য ক্রেতাকে অবশ্যই লিখিত অনুমতি নিয়ে তার বয়স ১৮-এর বেশি তা নিশ্চিত করতে হবে।

দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীর মানব পাচার টাস্কফোর্সের কার্যালয় থেকে ক্রেতা-বিক্রেতাদের থেকে এই অর্থ সংগৃহীত হবে।

চামলে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, “মানব পাচারের ‘কারণ’ উন্মোচিত হয়েছে।" তিনি আরও জানান, এমন প্রচেষ্টা শিশু অপরাধের বিরুদ্ধে ভুমিকা রাখবে। সেই সঙ্গে যৌনতাপূর্ণ কনটেন্ট থেকে শিশুদের রক্ষা করবে।

এই বিল হাউস জুডিসিয়ারি কমিটিতে উল্লেখ করা হয় এবং খবর প্রকাশের পরের মাসে নতুন সেশনে উত্থাপিত হবে বলে জানানো হয়েছে।