ওয়েব ও ক্লাউড অ্যাপ্লিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
শনিবার বিকেলে বেসিস মিলনায়তনে বেসিসের ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার ও পরিচালক রিয়াদ এস এ হোসেন।
বেসিসের ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আরিফুল হাসান অপুর সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন ডিজিটাল মার্কেটিং নিয়ে ম্যাগনিটো ডিজিটালের প্রধান নির্বাহী রিয়াদ এস এ হোসেন ও জামান আইটির প্রধান নির্বাহী জামান খান, ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে ক্লাউড সফটওয়্যার সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী নিয়ামুল হাসান, ওয়েব হোস্টিং বিষয়ে আইসফট আইটি সলিউশনের প্রধান নির্বাহী ইমরান হোসেন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বাইটকোডের প্রধান নির্বাহী মাহবুব ওসমানী।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, বেসিসের অনেক প্রতিষ্ঠানই ওয়েব ও ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকে। আর তাই তাদের মানোন্নয়ন ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ওয়েবের মাধ্যমে ব্যবসায় উন্নয়নের নানা দিক জানাতেই এই কর্মশালা। আগামীতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরিফুল হাসান অপু বলেন, “আমাদের স্থায়ী কমিটি দেশের ওয়েব ও ক্লাউড অ্যাপ্লিকেশন ক্ষেত্রে মানোন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে। এই সেমিনার তারই ধারাবাহিকতা।”
কিভাবে একটি ভালোমানের ওয়েবসাইট কোম্পানির আয় বৃদ্ধি করে ও ব্যবসায়ের প্রসার ঘটায় সেসব সম্পর্কে পুরো কর্মশালায় আলোচনা করা হয়।
