ঘৃণাত্মক পোস্টে ফেইসবুকের জরিমানা!
ঘৃণাত্মক বক্তব্য প্রচারের জন্য আইনত দায়ী করা হতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক-কে এমনটাই জানিয়েছেন জার্মান বিচার মন্ত্রী হেইকো মাশ।
ফেইসবুক নিয়ে সমালোচনা আরেক ধাপ এগিয়ে নিয়ে জার্মান কর্মকর্তারা দাবি করেছেন ঘৃণাত্মক পোস্ট বন্ধে ফেইসবুক খুব বেশি কিছু করছে না। এজন্য প্রতিষ্ঠানটিকে শক্ত জরিমানা করা হতে পারে বলে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
এক সাক্ষাৎকারে মাশ জানান, তার মন্ত্রণালয় খতিয়ে দেখছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে পোস্টের জন্য আইনত দায়ী করা সম্ভব কিনা।
“অবশ্যই সব শেষে আমাদেরকে জরিমানার কথা চিন্তা করতে হবে যদি অন্যান্য দণ্ডগুলো কাজ না করে। দ্রুত কিছু করার জন্য এটি একটি পোক্ত উদ্যোগ হবে।”
২০১৫ সাল থেকে শুরু করে ১০ লাখের বেশি অভিবাসী জার্মানিতে আসার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে বেড়েছে বাজে পোস্ট। তাই সেগুলো বন্ধে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
ফেইসবুক জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাদের বার্লিন অফিসে শত শত ঠিকাদার পোস্ট যাচাই করে দেখছেন। কিন্তু সেখানকার সদস্যরা অসঙ্গত নিয়ম এবং বেশি কাজের অভিযোগ করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।
মাশ-এর সোশাল ডেমোক্রেটিক পার্টি’র জ্যেষ্ঠ আইনপ্রণেতা থমাস ওপারম্যান বলেন, ফেইসবুকের মতো নেতৃস্থানীয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে পোস্ট মুছে ফেলার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হতে পারে। আর তা না করলে পাঁচ হাজার ইউরো জরিমানা গুণতে হতে পারে।
সদ্য অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ফলাফলে ফেইসবুকের ভুয়া খবর বেশ প্রভাব ফেলছে বলে সমালোচনা হয়েছে। তাই জার্মানির নির্বাচনকে সামনে রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটি।
