২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টকটক’ হ্যাকে দোষী ১৯ বছর বয়সী যুবক

আগের বছর ব্রিটিশ টেলিযোগা্যোগ প্রতিষ্ঠান ‘টকটক’-এ হ্যাকের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ১৯ বছর বয়সী ড্যানিয়েল কেলে নামের যুবককে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বিবিসি জানিয়েছে, কেলে-কে সতর্ক করে বিচারক পল ওরসলে বলেন, আগের কোনো অপরাধের প্রমাণ না থাকা সত্ত্বেও তার কারাবাস “অনিবার্য” এবং তার সেজন্য “প্রস্তুত” হওয়া উচিত।

২০১৫ সালের অক্টোবরে টকটক-এর  ১৫৭০০০ গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। এর আগে ১৭ বছর বয়সী এক কিশোরকে এ ঘটনায় সাজা দেওয়া হয়। তবে, বয়সের কথা বিবেচনা করে তার নাম প্রকাশ করা হয়নি।

হ্যাকের ঘটনা স্বীকার করেছেন কেলে। এমনকি ৪৬৫ বিটকয়েন প্রদানের দাবি করেছেন বলেও জানান তিনি। বর্তমানে যার মূল্য দাঁড়ায় ২৮৬২৯৫ ব্রিটিশ পাউন্ড।

এ ছাড়া ব্ল্যাকমেইল এবং মুদ্রাপাচারের দায়েও দোষী করা হয়েছে তাকে। ২০১৭ সালে ৬ মার্চ পরবর্তী শুনানী পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন কেলে।

হ্যাকের ঘটনায় টকটক-এর ওয়েবসাইট থেকে গ্রাহকের ইমেইল অ্যাড্রেস এবং ব্যাংকের তথ্য চুরি করে হ্যাকাররা। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই হ্যাকের মূল্য হিসাব করা হয় ৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

হ্যাকের পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। এদের সকলের বয়স ২১ বছরের নিচে।

মামলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টকটক-এর এক মুখপাত্র বলেন, “মেট্রোপলিটন পুলিশ এবং সিপিএস এই সাইবার হামলায় জড়িতদেরকে বের করতে কঠোর পরিশ্রম করেছেন এবং আমরা সন্তুষ্ট যে তাদের তদন্ত দুইটি সফল মামলার দিকে গিয়েছে।”

টকটক ছাড়াও আরও ডজনখানেক প্রতিষ্ঠানে হ্যাকের অভিযোগ আনা হয় কেলে’র বিরুদ্ধে।