২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ল্যাপটপ মেলা

‘প্রযুক্তিতে মুক্তি’  স্লোগানে ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে তিন দিনের ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৬’। এক্সপো মেকারের আয়োজনে এটি ১৮তম ল্যাপটপ প্রদর্শনী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা এসব কথা জানান।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনে, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে।

ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও আনুষঙ্গিক গ্যাজেট। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

মেলার প্রধান পৃষ্ঠপোষক টেকশহরডটকম ও সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো এবং ওয়ালটন। এ ছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে লাভা, টিকেট বুথ পার্টনার হিসেবে অ্যাভিরা অ্যান্টিভাইরাস এবং পার্টনার হিসেবে রয়েছে এডুমেকার ও পিপলস রেডিও।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচপি’র ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক মো. আদিল, ডেল বাংলাদেশের বিপনণ ব্যবস্থাপক প্রতাপ সাহা, আসুস-এর সহকারী পণ্য ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান, এসার-এর বিক্রয় পরামর্শদাতা সাকিব হাসান, ওয়ালটনের সহকারী মহাব্যবস্থাপক মো. এমরান হোসেন ও এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবেন। এছাড়া টেকশহরডটকমের অ্যাপ ডাউনলোড করেও বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকছে।