২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে শীতকালীন ডিজিটাল আইসিটি ফেয়ার

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান)-এ শুরু হতে যাচ্ছে ছয়দিন ব্যাপি ডিজিটাল আইসিটি মেলা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

৮ম বারের মতো ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার)’ নামের এ মেলা শুরু হবে ২২ ডিসেম্বর এবং চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তি পণ্যের উপর বিশেষ ছাড় ও উপহার, জানিয়েছে আয়োজকরা।

‘সাইবার সিকিউরিটি; দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগান রেখে রোববার আনুষ্ঠানিকভাবে মেলার লোগো উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন, “প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে।” 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সুব্রত সরকার,  স্মার্ট টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড-এর পরিচালক জসিম উদ্দিন খন্দকার, এইচপি’র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন এমডি আদিল ও মেলার পরিচালকবৃন্দসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে- প্রযুক্তি পণ্যের উপর আকর্ষনীয় মূল্য ছাড় ও উপহার সামগ্রী, থাকছে র‌্যাফেল-ড্র এর মাধ্যমে পুরস্কার, রক্তদান কর্মসূচী, এন্ট্রিপাসের সঙ্গে ফ্রি মুভি দেখার ব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই,  গেইমিং  জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগীতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।

ঢাকাসহ সারা দেশের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য মেলার প্রবেশ ফ্রি করা হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র দিয়েই তারা মেলা পরিদর্শন করতে পারবেন। আগত শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে বলেও জানায় আয়োজকরা।