২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের গাড়ি তৈরিতে রিনস্পিড

সত্যিকার ভবিষ্যৎ প্রজন্মের গাড়ি বলতে যা বুঝায় ঠিক তেমনই কনসেপ্ট গাড়ি বানিয়েছে সুইস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিনস্পিড। ২০১৭ সালের ৫ থেক ৮ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিকস শো(সিইএস)-এ গড়িটি উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 04:47 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

বছর জুড়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যে প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করে আসছে তার সবই রয়েছে ‘ওয়েসিস’ নামের এই গাড়িতে, জানিয়েছে ব্যবসায় বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার। স্ব-চালিত, সংকেত নিয়ন্ত্রিত পর্দা সবকিছুই থাকছে ই গাড়িতে।

এর পাশাপাশি ট্রাফিক বাতি কখন সবুজ হবে তাও জানাবে ‘ওয়েসিস’। আপাতত গাড়িটির একটি টিজার ভিডিও পোস্ট করেছে রিনস্পিড।

ভিডিওতে দেখা গেছে গাড়িটি নিজে ব্যবহারের পাশাপাশি রাইড হেইলিং অ্যাপের মাধ্যমে অন্যের সঙ্গে শেয়ারও করা যাবে। অ্যাপে কতগুলো গাড়ি ভাড়ার জন্য উপস্থিত রয়েছে এবং কতজন যাত্রী রয়েছেন তা দেখানো হবে। অ্যাপটি দেখতে অনেকটা ডেটিং অ্যাপ টিন্ডারের মতো।

অ্যাপ দিয়ে গাড়ি ডাকা হলে গাড়িটি যাত্রীর কাছে পৌঁছালে তাকে লাইটের মাধ্যমে একটি আমন্ত্রণ বার্তা দিয়ে অভিনন্দন জানানো হবে।

স্ব-চালিত বৈদ্যুতিক গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে চলতে পারবে। আর শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে গাড়িটি সময় নেবে ৯.৭ সেকেন্ড।

‘ওয়েসিস’ নামের স্বার্থকতা রাখতে গাড়ির পেছনে একটি ছোট বাগানও রেখেছে রিনস্পিড। ছোট হলেও এই জায়গায় সহজেই বনসাই গাছ লাগানো যেতে পারে।

গাড়িটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৫কে বাঁকানো পর্দা। মুভিতে যেমনটা দেখা যায় তার সবই করা যাবে এই পর্দায়।

ভিডিওতে দেখা গেছে রাস্তায় গাড়িটির চার্জ ফুরিয়ে গেলে সেটি চার্জের জায়গা খোঁজার প্রয়োজন নেই। একটি রোবট বাড়তি ব্যাটারি নিয়ে আসবে এবং চালক তার গাড়ির ব্যাটারি পরিবর্তন করে নিতে পারবেন।

সামনের সিইএস ২০১৭-এ শুধু রিনস্পিড নয় অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন গাড়ির কনসেপ্ট উন্মোচন করবে।