ইনেভেনসেন্স-কে কিনছে জাপানি টিডিকে!
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনভেনসেন্স-কে কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলছে জাপানি ইলেক্ট্রনিক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান টিডিকে। অ্যাপল এবং স্যামসাং ফোনের জন্য মোশান সেন্সর সরবরাহ করত মার্কিন এই চিপ নির্মাতা প্রতিষ্ঠান।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইনভেনসেন্স কিনতে শেয়ার প্রতি ১২ ডলার মূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে টিডিকে। তবে, চুক্তি সম্পন্ন হতে আলোচনার ভিত্তিতে দাম কম-বেশি হতে পারে বলেও জানানো হয়।
আগে থেকেই স্মার্টফোনের জন্য জাইরোস্কোপ সরবরাহ করে আসছে টিডিকে। স্মার্টফোনের গতি হিসাব নিকাশ করতে জাইরোস্কোপ সহায়তা করে থাকে। এর কারণেই পোকিমন গো-এর মতো অগমেন্টেড রিয়ালিটি গেইমগুলো বানানো সম্ভব হয়েছে।
ইনভেনসেন্স-এর সঙ্গে চুক্তির মাধ্যমে টিডিকে-এর সেন্সর ব্যবসার পরিধি আরও বাড়বে। খবর প্রকাশের দিন ইনভেনসেন্স-এর শেয়ার মূল্য ২৮ শতাংশ বেড়ে ১০.৫৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় একশ’ কোটি ডলার।
প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যত বেশি গেইম খেলা শুরু করবে জাইরোস্কোপ পণ্যের চাহিদাও তত বৃদ্ধি পাবে। এ মাসের মধ্যেই চুক্তি নিয়ে আলোচনা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্যের জন্য রাজী হয়নি ইনভেন্স এবং টিডিকে। আর গোপনীয়তার কারণে নাম প্রকাশে রাজী হয়নি খবরটির সূত্র।
আগের বছরই ২১ কোটি ৪০ লাখ সুইস ফ্রা মূল্যে সুস চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোনস সেমিকন্ডাক্টর হোল্ডিং এজি-কে কিনতে রাজী হয়েছে টিডিকে।
