২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসন খাতে ফেইসবুকের বিনিয়োগ

মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সাশ্রয়ী মূল্যের বাড়ি বানানোর উদ্যোগে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

সিলিকন ভ্যালির নিম্ন আয়ের বাসিন্দাদের সাহায্য করতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার পর অবশেষে এই ধরনের সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি, জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। হাউজিং কর্মী যারা দীর্ঘদিন ধরে ঐ অঞ্চলের আয় বৈষম্য দূর করতে ফেইসবুকের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ও সমালোচনা করেছেন তারা এই পদক্ষেপকে “নজিরবিহীন” বলে মন্তব্য করেছেন। এর ফলে অন্যান্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে বলে আশা করছেন তারা।

“আমি আশা করছি এই বিনিয়োগের ফলে অন্যরাও একই ধরনের উদ্যোগে এগিয়ে আসবে।”- বলেন তামিকা বেনেট, যিনি ইউথ ইউনাইটেড ফর কমিউনিটি অ্যাকশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানটিই ফেঢইসবুকের সঙ্গে আবাসন বিষয়ে দেনদরবার করেছে।

গুগল, অ্যাপলসহ আরও বহু সমৃদ্ধশালী প্রযুক্তি জায়ান্টের দূর্গ হিসেবে পরিচিত থাকা সত্ত্বেও সিলিকন ভ্যালিতে আবাসন ঘাটতি চরম পর্যায়ে রয়েছে। এক জরিপে দেখা গেছে, সেখানে বাৎসরিক বাড়ির ঘাটতি আনুমানিক ২২ হাজার। এর মধ্যে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রয়োজনীয় বাড়ির মাত্র ২৬ শতাংশ আঞ্চলিক সরকার তৈরি করে থাকে।

শুধু ধনীদেরই সিলিকন ভ্যালিতে তাদের কর্মক্ষেত্রের কাছাকাছি বসবাস করার সামর্থ্য রয়েছে। অন্যদিকে আনুমানিক ৭০ হাজার নিম্ন আয়ের শ্রমিকদের দৈনিক প্রায় ৫০ মাইল পাড়ি দিতে হয় কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য।

ফেইসবুকের একজন মুখপাত্র এ ব্যাপারে গার্ডিয়ানকে বলেন, তারা যদিও ঠিক জানেনা যে কী পরিমাণ বাড়ি তৈরিতে তাদের এই অর্থ ব্যয় করা হবে। কিন্তু এই  দুই কোটি ডলার “প্রাথমিক অবদান” মাত্র। এটি অন্যদেরকেও এই তহবিলে অর্থ দান করতে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।