পদচ্যুত অ্যাপলের বিশেষ প্রকল্প প্রধান
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল-এর নেতৃত্বদানকারী দল থেকে অপসারণ করা হয়েছে প্রতিষ্ঠানটির বিশেষ প্রকল্প প্রধান পল ডেনেভ-কে। এর ফলে তিনি আর সরাসরি প্রতিষ্ঠান প্রধান টিম কুকের তত্ত্বাবধানে কাজ করছেন না বলে জানিয়েছে ব্যবসায় বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
অ্যাপলবিষয়ক নিউজের সাইট ম্যাকরিউমারস শুক্রবার আবিষ্কার করে যে ডেনেভ-কে অ্যাপলের ওয়েবসাইটে নির্বাহী দলের প্রোফাইল পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।
শনিবার এ ব্যাপারে ব্যবসা বাণিজ্যবিষয়ক ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদক টিম ব্র্যাডশ টুইট করেন যে অ্যাপল নিশ্চিত করেছে ডেনেভ এখনো প্রতিষ্ঠানটির সঙ্গে আছেন, কিন্তু এখন থেকে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস-এর তত্ত্বাবধানে কাজ করবেন। অ্যাপল ওয়াচ এবং স্বাস্থ্য প্রকল্পগুলো দেখাশোনা করে থাকেন উইলিয়ামস। কিন্তু কেন এই পরিবর্তন তা নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।
অ্যাপলের কাঠামো অনুসারে সিইও টিম কুক-এর অধীনে কাজ করেন অনধিক ১০জন সিনিয়র ভাইস প্রেসিডেন্টের একটি দল যাদের প্রত্যেকেই একএকটি বিভাগের প্রধান এবং তারা সরাসরি টিম কুক-এক কাছে রিপোর্ট করেন। এদের অধীনে আছে প্রায় একশ’ জন ভাইস প্রেসিডেন্ট।
ডেনেভ-এর লিংকডইন প্রোফাইলে এখনও তাকে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেই দেখানো হচ্ছে। প্যারিসভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস ইউভস সেইন্ট লরেন্ট ছেড়ে ২০১৩ সালে অ্যাপলে যোগদান করেন ডেনেভ। সেখানে সর্বশেষ প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ডেনেভ অ্যাপলে যোগদানের পর ঠিক কী নিয়ে কাজ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার সাবেক নির্বাহী জীবন বৃত্তান্ত পাতায় তাকে শুধুমাত্র অ্যাপলের বিশেষ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তা ছাড়া যোগদানের পর তিনি সংবাদমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি বা প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না।
ডেনেভ যদিও অ্যাপলকে ফ্যাশন বিশ্বে বিশেষ পরিচিতি লাভে সাহায্য করেছেন বলেই ধারণা করা হয়, তবে এই ব্যাপারে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নি।
