ব্ল্যাক ফ্রাইডে, মোবাইল ডিভাইসে রেকর্ড কেনাবেচা
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ফোন ও ট্যাবলেট ব্যবহার করে একদিনে প্রায় ১২০ কোটি মার্কিন ডলারের কেনাকাটা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। মার্কিন সফটওয়য়্যার প্রতিষ্ঠান অ্যাডোবি’র তথ্য অনুযায়ী, দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো মোবাইল ডিভাইস থেকে আয় শতকোটি মার্কিন ডলার অতিক্রম করল।
প্রযুক্তি সাইট সিনেট জানায়, সার্বিকভাবে ব্ল্যাক ফ্রাইডের বিক্রি ২১ শতাংশ বেড়ে ৩৪০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা নতুন আরেকটি মাইলফলক। প্রথমবারের মতো থ্যাংকসগিভিং ডে-এর পরবর্তী দিনের কেনাকাটা তিনশ’ কোটি মার্কিন ডলার অতিক্রম করলো বলে জানিয়েছে অ্যাডোবি। থ্যাংকসগিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডে শেষে দেখা গেছে মার্কিন ক্রেতারা কেনার খাতে সর্বমোট ৫২৭ কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন।
ইন্টারনেটে খুচরা পন্য বিক্রেতা মার্কিন জায়ান্ট অ্যামাজনও মোবাইল ডিভাইসে এমন ব্যবসা প্রত্যক্ষ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে। "মোবাইল ডিভাইস ব্যবহার করে অ্যামাজন থেকে কেনাকাটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যস্ততম দিনের একটিতে পরিণত হয়েছে থ্যাংকসগিভিং ডে"- এক ই-মেইল বার্তায় এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি এ বছরের থ্যাংকসগিভিং ডে-তে ক্রেতাদের মোবাইল ডিভাইস হতে পাওয়া মোট অর্ডার ২০১৫ সালের থ্যাংকসগিভিং ডে ও সাইবার মানডে- এর যৌথ অর্ডারকেও ছাপিয়ে গেছে বলে জানায় অ্যামাজন।
খুব কম সংখ্যক মার্কিনিই চিৎকার-চেঁচামেচি ও ভিড়ের মধ্যে স্থানীয় খুচরা দোকান থেকে কেনাকাটা করতে আগ্রহী, যার ফলে অনলাইনে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বছরের থ্যাংকসগিভিং ডে-এর পর মাত্র ২৩ শতাংশ মার্কিন ক্রেতা জানান, তারা দোকান থেকে কেনাকাটার পরিকল্পনা করছেন, যেখানে ২০১৫ সালে এই সংখ্যা ছিল ২৮ শতাংশ।
অ্যাডোবি’র ভাষ্য অনুযায়ী, এ বছর ব্ল্যাক ফ্রাইডে-তে বিক্রি হওয়া শীর্ষ পাঁচটি বৈদ্যুতিক পণ্যের মধ্যে রয়েছে অ্যাপলের আইপ্যাড, স্যামসাংয়ের ৪কে টিভি, অ্যাপলের ম্যাকবুক এয়ার, এলজি'র টিভি ও মাইক্রোসফটের এক্সবক্স।
