২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকের শিকার ব্রিটেনের ‘থ্রি’

হ্যাকের শিকার হয়েছে ব্রিটেনের বৃহত্তর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘থ্রি’। ১৭ নভেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় কর্মীর লগইন তথ্য ব্যবহার করে গ্রাহকের আপগ্রেড ডেটাবেইসের নিয়ন্ত্রণ নিয়েছেন হ্যাকাররা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

এই হ্যাকের ফলে প্রতিষ্ঠানের ৯০ লাখ গ্রাহকের দুই তৃতীয়াংশই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছে রয়টার্স।

গ্রাহকের জন্য ঝুঁকিপূর্ণ বলা হলেও কিছুটা আস্থার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের মুখপাত্র নিকোলাস কার্টার। তিনি বলেন, “এই আপগ্রেড সিস্টেমে গ্রাহকের কোন অর্থ আদান প্রদানের তথ্য, কার্ডের তথ্য অথবা ব্যাংকের তথ্য নেই।”

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে আগের চার সপ্তাহে হ্যান্ডসেট জালিয়াতির সংখ্যা বেড়েছে। “এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে, ৪০০ উচ্চ মূল্যের হ্যান্ডসেট চুরি করা হয়েছে এবং আটটি ডিভাইস বেআইনীভাবে আপগ্রেড অ্যাক্টিভিটির মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে।”

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয় এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তিনজনকেই জামিনে মুক্তি দেওয়া হয় বলেও জানানো হয়।