২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিধেয় ডিভাইসে ঝুঁকছে অ্যাপল

পরিধেয় ডিভাইসের পরিধি বাড়াতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। পরিধানযোগ্য গ্লাস হেডসেট তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই সম্ভাব্য সরবরাহকারীদের সঙ্গে কথাও বলেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

বর্তমান সময়ে পরিধেয় প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির একমাত্র ডিভাইস অ্যাপলওয়াচ। এই খাতে মানুষের চাহিদার কথা বিবেচনা করে পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন হেডসেটে ছবির পাশাপাশি অন্যান্য তথ্য দেখা যাবে। আর ডিভাইসটিতে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলেও জানানো হয়।

বর্তমান সময়ে আইফোন বিক্রিতে ধীর গতির কারণে ব্যবসায় বিকল্প খুঁজছে অ্যাপল। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠান প্রধান টিম কুক জানান, অগমেন্টেড রিয়ালিটি ডিভাইসে বিনিয়োগ চলতে থাকবে।

হেডসেট তৈরির লক্ষ্যে পরীক্ষার জন্য অল্প পরিমাণে চোখের কাছে রাখার ডিসপ্লে অর্ডার দিয়েছে অ্যাপল। তবে, তা বড় পরিসরে উৎপাদনের জন্য যথেষ্ট নয় বলেও জানানো হয়েছে। এ নিয়ে আপাতত মন্তব্য করতে রাজী হয়নি প্রতিষ্ঠানটি।

অ্যাপলের এমন উদ্যোগ নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এই খাতে আগ্রহ যোগাবে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে পরিধেয় গ্লাস বাজারে আনে গুগল। তবে, ডিভাইসটিতে জনপ্রিয়তা না পাওয়ায় তা বন্ধ করে দেয়। ২০১২ সালে ডিভাইসটি উন্মোচনের পর বেশ সাড়া জাগালেও ডিভাইসটির বেখাপ্পা গঠন এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় গোপনীয়াতার উদ্বেগের কারণে বাজার ধরতে ব্যর্থ হয়েছে।