২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেইপ্যাল লেনদেন মুখের কথা

আইওএস অ্যাপে নতুন আপডেট এনেছে অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেইপ্যাল। এর ফলে এখন আইফোনের সিরি ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

"সিরি, পেইপ্যাল ব্যবহার করে অ্যাঙ্গেলাকে ২৫ পাউন্ড পাঠাও"-এমন আদেশ দেওয়ার সঙ্গে লেনদেন কার্যক্রম শুরু হয়ে যাবে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। তবে, এক্ষেত্রে অ্যাঙ্গেলা বা যে নাম বলা হবে সে নাম পেইপ্যাল কনটাক্টস-এ থাকতে হবে।

চলতি বছর সেপ্টেম্বরে অ্যাপল সিরিকে থার্ড-পার্টি ডেভেলাপারদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।   

সিরি নামের এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে অ্যাপলের একটি মূল অংশ হয়ে উঠেছে। আর এখন এটি অ্যাপল টিভি আর অ্যাপল কারপ্লে-তেও রয়েছে।

নতুন এই লেনদেন ব্যবস্থায় ঝামেলাও রয়েছে, সিরি ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠ শনাক্ত করতে পারে না। এর ফলে কোনো ব্যবহারকারীর আইফোন থেকে অন্য কেউ সে ভয়েস কমান্ড দিয়ে অর্থ হাতিয়ে নেওয়তার ঝুঁকি থাকে। তবে, এ ক্ষেত্রে ব্যবহারকারী সবসময় তার আইফোন লক করে রেখে এই ঝুঁকি থেকে রেহাই পেতে পারেন।

পেইপ্যাল-এর মূল ভোক্তাপণ্য বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মেরন কলবেসি বলেন, "গত বছর (২০১৫) আমরা পেইপ্যাল, ভেনমো আর জুম-এর মাধ্যমে ৪১ বিলিয়ন ডলার পিয়ার-টু-পিয়ার (পি২পি) লেনদেন করেছি। আর ছুটির দিনগুলোকে সামনে রেখে শুধু ডিসেম্বরেই পেইপ্যাল ১৭ মিলিয়নেরও বেশি পি২পি লেনদেন করার আশা করছে।"