কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে 'ট্রাম্প প্রভাব'
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করার পর থেকে বাড়তি ডেটার চাপে 'ক্র্যাশ' করে প্রতিবেশী রাষ্ট্র কানাডা সরকারের অভিবাসন সংস্থার ওয়েবসাইট।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টায় এই ওয়েবসাইট অ্যাকসেস করা ব্যাহত হয় বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
এ খবর তৈরির সময় ইতোমধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু চূড়ান্ত ফলাফল আসার আগেই, যখন ইলেকটোরাল ভোটের ফলাফলে ট্রাম্প এগিয়ে যেতে থাকেন, তখনই কানাডার ওই ওয়েবসাইটে চাপ বাড়তে থাকে। এমনকি মার্কিন সংবাদ সাইটটিতে প্রকাশিত সব প্রতিবেদনকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে 'কীভাবে কানাডা যেতে হবে আর কানাডীয় নাগরিক হওয়া যাবে' এমন শিরোনামের প্রতিবেদনটি।
শুধু এখানেই শেষ নয়, কানাডা যাওয়া নিয়ে সার্চে ভরে ওঠে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ জায়ান্ট গুগল সার্চও।
এ খবর প্রকাশের আগে কানাডার ওই ওয়েবসাইট আবার আগের অবস্থায় ফিরে এসেছে।
