ভোটারদের উৎসাহ যোগানে জাকারবার্গ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে আর বেশি বাকি নেই। নির্বাচনে সামাজিক মাধ্যমের প্রভাব কী হবে তা নিয়ে এতদিন চলেছে নানা জল্পনা, আর এসব জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। এবার নির্বাচন সফল করতে ফেইসবুকের পদক্ষেপ নিয়ে নিজ অ্যাকাউন্ট থেকেই পোস্ট করলেন স্বয়ং ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
৭ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টা ৩৫মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে জাকারবার্গ বলেন, "গণতন্ত্রে একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের মহান দায়িত্ব। আর এ কারণে আপনারা হয়ত দেখেছেন, আমরা সক্রিয় হয়ে প্রত্যেকে যাতে ভোট দিতে পারেন বা যান সেজন্য উৎসাহ যোগাচ্ছি। নির্বাচনের আগ পর্যন্ত ভোট দেওয়ার জন্য আরও বহুবার মনে করিয়ে দেওয়া দেখতে পাবেন।"
তিনি জানান, এখন পর্যন্ত ফেইসবুকের মাধ্যমে ২০ লাখের বেশি মানুষ ভোটের জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে কেউ কেউ এই প্রথমবার এই নিবন্ধন করলেন। এটি ইতিহাসের 'অন্যতম' বড় ভোটার নিবন্ধন কার্যক্রম বলেও দাবি করেন জাকারবার্গ। কিছু কিছু ক্ষেত্রে ভোটার নিবন্ধনের সংখ্যা ফেইসবুকের বদৌলতে ২৩ গুণ বেড়েছে বলেও জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে 'ইলেকশন হাব' তৈরির কথা জানিয়েছেন জাকারবার্গ। এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দিকনির্দেশনা পাবেন, প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন, আর নিজের ভোট দেওয়ার কথা শেয়ার করার মাধ্যমে বন্ধুদেরও উৎসাহ যোগাতে পারবেন।
জাকারবার্গ বলেন, "আমি সবসময় বিশ্বাস করি প্রতিটি মানুষকে বলতে দেওয়ার মাধ্যমে আসল পরিবর্তন আসে। আমি যখন প্রথম ফেইসবুক চালু করি, আমি আশা করেছিলাম একদিন আমরা মানুষকে পরিবর্তন আনতে আন্দোলনে সহায়তা করতে পারব। আমি আজও এটি বিশ্বাস করি।"
"আমাদের সম্প্রদায় সব ধারণার একটি প্লাটফর্ম। ফেইসবুকের মাধ্যমে নিবন্ধকারীরা সব প্রার্থীকেই ভোট দেবেন।"
