১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কল অফ ডিউটি গেইমে উইন্ডোজ ১০ বিপত্তি

যুদ্ধভিত্তিক জনপ্রিয় গেইম "কল অফ ডিউটি"-এর সাম্প্রতিক সংযোজন "ইনফিনিট ওয়ার"-এ মাল্টিপ্লেয়ার প্লাটফর্ম সংক্রান্ত জটিলতার সম্মুখীন হতে যাচ্ছেন উইন্ডোজ স্টোর ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন-এর বরাতে বিবিসি জানায়, গেইমটির উইন্ডোজ ১০ গ্রাহকরা এর এক্সবক্স সংস্করণ বা ভালভ স্টিম সার্ভিস ব্যবহারকারী প্লেয়ারদের বিরুদ্ধে খেলতে পারছেন না। গেইমটির "মডার্ন ওয়ারফেয়ার রিমাস্টারড"-এর ক্ষেত্রেও এ বাধ্যবাধকতা থাকছে।

অ্যাকটিভিশন-এর পক্ষ থেকে এর সাপোর্ট পেইজগুলোতে বলা হয়, "এ গেইমগুলো শুধু উইন্ডোজ স্টোরে অন্যান্য উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের সঙ্গেই খেলা যাবে।" এমন ঘোষণা বিভিন্ন ডিভাইসে মাইক্রোসফট-এর "ক্রস-প্লে" স্ট্র্যাটেজির জন্য বড় আঘাত হয়েই এসেছে বলে মন্তব্য করেছে বিবিসি।

বাজারে মুক্তির দ্বারপ্রান্তে থাকা অবস্থায় গেইমটির নির্মাতা প্রতিষ্ঠানের এ ঘোষণায় গেইমারদের মধ্যে প্রবল নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গেইমিং নিউজ সাইট "রক, পেপার, শটগান"-এর ব্রিটানি ভিনসেন্ট।

এ ছাড়াও এ বাধ্যবাধকতাকে "অযৌক্তিক" হিসেবে উল্লেখ করে গেইমটির মাল্টিপ্লেয়ারে আগ্রহী প্লেয়ারদের জন্য উইন্ডোজ স্টোর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পিসি ওয়ার্ল্ড সাইটের গেইমস প্রতিবেদক হেইডেন ডিংম্যান।