যুক্তরাজ্যে আসছে 'স্বচালিত' ডেলিভারি ভ্যান
যুক্তরাজ্যের লন্ডনে ওয়ারড ২০১৬ সম্মেলনে একটি স্বচালিত বৈদ্যুতিক 'ডেলিভারি ভ্যান' উন্মোচন করা হয়েছে।
২০১৭ সালে দেশটির রাস্তায় এই ভ্যান চলতে দেখা যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এই যানের পেছনের বিশেষ নকশা আর এতে ব্যবহার করা হালকা উপাদানগুলোর কারণে এর সব অংশ সংযোজনে একজন মানুষের চার ঘণ্টা সময় লাগবে বলে দাবি নির্মাতাদের। এই যান 'স্বচালিত' হবে বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান 'চার্জ।
চার্জ-এর প্রধান ডেনিস ইসভের্ডলাভ বলেন, "বর্তমানে আমরা যে ট্রাকগুলো পাই তা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা এমনভাবে ট্রাক বানাচ্ছি, যেভাবে এগুলো হওয়া উচিৎ- সহজসাধ্য, রুচিসম্মত, শান্ত, পরিবেশসহায়ক ও নিরাপদ।"
"আমরা এর দাম প্রচলিত ট্রাকগুলোর সমান করে, বড় হোক বা ছোট- প্রতিটি বহরে ব্যবস্থাপক বা বাণিজ্য প্রতিনিধি অথবা প্রতিষ্ঠান দিয়ে পণ্য পরিবহনের উপায় বদলানর সুযোগ দিতে ও আমাদের শহরগুলোকে থাকার জন্য আরও ভালো অবস্থায় আনতে বৈদ্যুতিক যান চালনায় প্রবেশের সব বাধা দূর করেছি", যোগ করেন তিনি।
সাড়ে তিন থেকে শুরু করে ২৬ টনের মধ্যে বিভিন্ন আকারে ট্রাক বানানোর পরিকল্পনা করেছে চার্জ। আর এ জন্য বড় বড় ট্রাক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করছে প্রতিষ্ঠানটি।
এর আগে বিশ্বব্যাপী কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ডিএইচএল-এর পক্ষ থেকে বলা হয়, "বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি বানাতে তারা যে অবদান রাখতে পারবে, আমরা তার বিশাল সম্ভাবনা দেখছি।"
ইতোমধ্য গাড়িটির স্বচালিত সফটওয়্যার বানানো হয়ে গেছে, আর সরকারের অনুমতি পেলে তা 'মূহুর্তেই' স্থাপন করা যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
