২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটাও যাবে গাড়ি দিয়ে!

গাড়ি চলাচলের অনুমতি নেই এমন জায়গায় চলাচলের জন্য নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে গাড়ি প্রস্তুতকারক মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ফোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

'কার-ই' নামের এই প্রযুক্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি বাড়তি প্লাটফর্ম। চার চাকার এই প্লাটফর্মে একজন মানুষের দুপায়ে স্বাচ্ছন্দ্যে দাড়িয়ে থাকার মতো জায়গা রয়েছে। ফোর্ডের একজন সিস্টেম প্রকৌশলী কিলিয়ান ভাস এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

সর্বোচ্চ ১২০ কেজি বহনক্ষমতাসম্পন্ন ‘যন্ত্রটি’ ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে ২২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে সক্ষম। মূলত পার্কিং স্পেইস আর গন্তব্যের মাঝে দূরত্ব পাড়ি দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে 'কার-ই'।

এ ছাড়া ভারি বস্তু পরিবহণের জন্যও যন্ত্রটি বিশেষভাবে উপযোগী বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। যন্ত্রটির উপরে পরিবহনের জন্য কোনো বস্তু তুলে দিলে তা ইলেকট্রনিক ট্রান্সমিটারের সিগন্যালের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যস্থলে পৌছাতে সক্ষম।

ভাস বলেন, "চলাচলের সুবিধার জন্য গাড়ির চাকা নিয়ে নতুনভাবে গবেষণা করা দরকার।" তিনি বলেন, "আমদের শহরগুলোর আকার বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতর হচ্ছে, এজন্য আমি এমন একটি যন্ত্র বানাতে চেয়েছিলাম যা আমাদের দৈনন্দিন জীবনের চলাচল আরও সহজ করে দেবে।"

ফোর্ড-এর 'লাস্ট মাইল মবিলিটি চ্যালেঞ্জ'-এ ৬৩৩টি প্রকল্প প্রস্তাবের মধ্য থেকে জয়ী হয় 'কার-ই'। অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল বড় শপিংমলের জন্য বিশেষভাবে উপযোগী ও ভাঁজ করা যায় এমন 'ট্রাইসিটি' নামের ট্রাইসাইকেল, 'গলফ বাগি' এবং একটি ইলেকট্রনিক হুইল চেয়ার যা স্বয়ংক্রিয়ভাবে একটি গাড়িতে উঠে যেতে পারে।

 “ব্যক্তিগত কাজে ব্যবহার করা এই যন্ত্রটি যাত্রার শেষ কিলোমিটার পাড়ি দিতে এবং ভারি বস্তু পরিবহনের কাজে ব্যবহার করা যাবে”, বলেন ফোর্ড ইউরোপের ইনোভেশন ম্যানেজমেন্ট ফর মবিলিটি-র সুপারভাইজর ওয়াল্টার পিজলস।