অ্যাপলে বাজিমাত ‘সাইরাস লজিক’-এর
২৮ অক্টোবর লাফিয়ে বেড়েছে অ্যাপলের অডিও চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সাইরাস লজিক’-এর শেয়ার মূল্য। প্রতিষ্ঠানটির এই প্রান্তিকের আয় প্রত্যাশা ছাড়ানোর খবর প্রকাশের পরই ৭.৫ শতাংশ বেড়েছে শেয়ার মূল্য, জানিয়েছে রয়টার্স।
অ্যাপলের কাছে পণ্যের বিক্রি বাড়ায় শেয়ার মূল্যও বেড়েছে প্রতিষ্ঠানটির। শেয়ার বাজারে চলতি মাসে এটিকেই সাইরাস লজিকের সবেচেয়ে ভালো দিন হিসেবে ধরা হচ্ছে। ২০১৬ সালের মধ্যে এ নিয়ে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে মোট ৯৪ শতাংশ।
নতুন আইফোন ৭ থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ায় নতুন প্রযুক্তির হেডফোন তৈরির দ্বার উন্মোচন হয়েছে। নতুন হেডফোনের চিপে বাইরের শোরগোল বাদ দেওয়াসহ অন্যান্য উন্নত ফিচার ব্যবহার করা হচ্ছে।
আইফোন ৭-এ সাইরাস-এর প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। আর হেডফোনেও ব্যবহার করা হয়েছে সাইরাসের তৈরি চিপ। ভবিষ্যতেও অ্যাপল হেডফোনে প্রতিষ্ঠানটির আরও উন্নত চিপ যোগ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
হেডফোনে সাইরাসের যে প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে সেটির দামও খুব বেশি নয়। সাধারণ হেডফোনে এই প্রযুক্তির মূল্য মাত্র এক মার্কিন ডলার। আর উন্নতমানের নয়েজ ক্যান্সেলিং হেডফোনে ব্যবহার করা হয় আড়াই ডলার মূল্যের প্রযুক্তি।
