২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ লাখ ভোটার নিবন্ধনে ফেইসবুক 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে নিবন্ধনে ২০ লাখ মানুষকে সহায়তা করেছে ফেইসবুক, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 02:03 PM

মঙ্গলবার্গ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর আয়োজিত ডব্লিউএসজেডি সম্মেলনে কথা বলার সময় এ তথ্য জানান স্যান্ডবার্গ। ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে অর্ধেক ডেমোক্রেট আর অর্ধেক রিপাবলিকান সমর্থক বলেও যোগ করেন তিনি।

স্যান্ডবার্গ বলেন, "আমরা মানুষকে বলতে দিতে বিশ্বাসী। আমরা আসলেই বিশ্বাস করি যে আমরা মানুষকে ভোটে নিবন্ধন করতে ও রাজনৈতিক অংশগ্রহণে সহায়তা করেছি। আর এটি সবার জন্য ভাল হবে, শুধু যুক্তরাষ্ট্র না, পুরো বিশ্বেই।" 

নির্বাচন কর্মকর্তাদের তথ্যও স্যান্ডবার্গ-কে সমর্থন করে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। ক্যালিফোর্নিয়া আর ইন্ডিয়ানাসহ নয়টি অঙ্গরাজ্যে নির্বাচন কর্মকর্তারা ভোট নিবন্ধনের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে কৃতিত্ব দিয়েছে, চলতি মাসের শুরুতে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

বর্তমানে অনেক কংগ্রেস সদস্য যে ফেইসবুক ব্যবহার করছেন সে বিষয়টি তুলে ধরেন স্যান্ডবার্গ। আর সোমবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফেইসবুকের সরাসরি ভিডিও সম্প্রচার ফিচার ফেইসবুক লাইভের মাধ্যমে প্রচারণা চালু করেন। 

লাইভ ভিডিও-কেই নিজেদের ভবিষ্যৎ হিসেবে দেখছে ফেইসবুক। মঙ্গলবারের অনুষ্ঠানে ফেইসবুক স্যান্ডবার্গের সঙ্গে মঞ্চে দাঁড়ানো ফেইসবুকের পণ্য প্রধান ক্রিস কএক্স জানান, সামনের পাঁচ বছরের মধ্যে ফেইসবুকের মোবাইল ট্রাফিকের ৭০ শতাংশই হবে ফেইসবুকের লাইভ ভিডিও।