২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে পরিবেশবান্ধব গাড়ি বানাবে হিউন্দাই

চীনে পরিবেশবান্ধব গাড়ি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ান অটোমেকার প্রতিষ্ঠান হিউন্দাই মোটর্স। ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষ থকে বলা হয় দেশটিতে দু'টি প্ল্যান্টে গাড়ি তৈরি করা হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই চীনের চ্যাংঝো-তে একটি ফ্যাক্টরি তৈরির কাজ শেষ করেছে হিউন্দাই। আর সামনের বছর চংকিং-এ আরেকটি ফ্যাক্টরি তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

চীনে এই ফ্যাক্টারি দু’টিতে পরিবেশবান্ধব গাড়ির তৈরির মাধ্যমে দেশটির স্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামার প্রয়াস করছে হিউন্দাই।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন ফ্যাক্টরিতে বিভিন্ন মাপের গাড়ি তৈরি করা হবে। আর এই গাড়িগুলোই কম দামি চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করবে। বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালে শুধু চীনের জন্য একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেইকল) আনবে এই প্রতিষ্ঠান।

২০২০ সালের মধ্যে চীনে নয়টি ভিন্ন মডেলের পরিবেশবান্ধব গাড়ি বাজার ছাড়ার লক্ষ্য রয়েছে হিউন্দাই-এর। এই সময়ের মধ্যে চীনে তাদের বিক্রি ১০ শতাংশ বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।