ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ থাকছে মাইক্রোসফট
বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে সহযোগিতার প্রতিশ্রুতি স্বরূপ ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ এ অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ১৯ অক্টোবর থেকে তিনদিন চলবে তথ্য-প্রযুক্তির এই বিপুল আয়োজন।
রোববার মাইক্রোসফটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এ আয়োজনের ছয়টি সেমিনারে অংশ নিচ্ছে মাইক্রোসফট।
বিভিন্ন অঞ্চল থেকে মাইক্রোসফটের ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ অংশ নেবেন। বিভিন্ন সেমিনারে প্রেজেন্টেশনের মাধ্যমে মাইক্রোসফটের পণ্য ও সেবা সম্পর্কে তুলে ধরবেন তারা।
মাইক্রোসফট বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় আইটি প্রতিষ্ঠান বাংলাদেশের আইটি বাজার নিয়ে গুরুত্বের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার সুযোগ পাচ্ছে।
“এরই ধারাবাহিকতায় মাইক্রোসফটের পণ্য ও সেবার মাধ্যমে বাংলাদেশের বাজারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে মাইক্রোসফট অ্যাসোসিয়েশন এবারের ডিজিটাল ওয়ার্ল্ড’এ গর্বিত স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে।”
মোবাইল-ফার্স্ট, ক্লাউড-ফার্স্ট ওয়ার্ল্ডের পণ্য উৎপাদন কোম্পানি ও শীর্ষ প্ল্যাটফর্ম মাইক্রোসফট। বিশ্বের প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার কথা বলে আসছে প্রতিষ্ঠানটি।
