ভিডিও গেইমে জুয়া থেকে দু’জনের অব্যাহতি
ভিডিও গেইমে জুয়া প্রচারণার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই ইউটিউবারকে। ক্রেইগ ডগলাস এবং ডিলান রিগবি-কে এমন অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্ট।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ভিডিও গেইমে লটারির প্রচারণা এবং বেআইনী জুয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলা মুলতবি করেছে আদালত, জানিয়েছে বিবিসি।
এদের মধ্যে ডগলাস জনপ্রিয় ইউটিউবার এবং গেইমার। ‘নেপেনথেজ’ ছদ্মনামে তার ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সাবস্ক্রাইবার রয়েছে ১৩ লাখ।
ফিফা গেইমে একটি জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করে শিশুদেরকে আকৃষ্ট করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। সাইটটি গেইমারদেরকে জুয়ার মাধ্যমে ফুটবল খেলোয়াড় জেতার সুযোগ দিয়ে থাকে।
এ ধরনের জুয়া থেকে যে কমিশন পাওয়া যায় সেটিকে বলা হয় ‘স্কিন বেটিং’। গেইমের স্ক্রিনে বিভিন্ন জিনিস বা অস্ত্র পরিবর্তনের জন্য যে লটারির সুযোগ দেওয়া হয়ে থাকে সেটিই স্কিন বেটিং নামে পরিচিত। স্কিন বেটিংয়ে যে সকল পরিবর্তনের সুযোগ দেওয়া হয় সেগুলো আসল অর্থ দিয়েও কেনা যায়।
ভিডিও গেইমে বাজী এবং স্কিন বেটিংয়ের ক্ষেত্রে এটিই প্রথম মামলা বলে জানানো হয়েছে।
