২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা স্টার্টআপ-এর খোঁজে সিডস্টার্স ওয়ার্ল্ড

সেরা স্টার্ট আপের খোঁজে ১৯ অক্টোবর দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টার্টআপ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

আইসিটি বিভাগ ও বেটারস্টোরিজ-এর যৌথ উদ্যোগে আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ সম্মেলনে অনুষ্ঠিত হবে সিডস্টার্স ঢাকা পর্বের প্রতিযোগিতা। উদ্ভাবনী উদ্যোগে মিলিয়ন ডলার বিনিয়োগে বিশ্বের ৬৫টি দেশে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সুইজারল্যান্ডভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান সিডস্টার্স।

বৃহস্পতিবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় আইসিটি বিভাগের সেক্রেটারি শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ওয়াইটবোর্ডের ব্যবস্থাপক ফয়সাল কবির, সিডস্টার্স ওয়ার্ল্ড-এর এশিয়া প্রতিনিধি নিক ফেনেক, বেটারস্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনওয়ার এবং সিডস্টার্স ওয়ার্ল্ড ঢাকার প্রোগ্রাম লিড শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শুরুতে ২০১৫ সালের ঢাকা পর্ব প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন নিক ফেনেক। এ বারের প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন তিনি।

পলক জানান, কায়িক শ্রম থেকে বাংলাদেশ মেধানির্ভর তথ্যপ্রযুক্তি খাতের দিকে এগিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন উদ্ভাবনী ধারণা।

পশ্চিমা স্টার্টআপ ও করপোরেশনগুলো আমাদের স্থানীয় অভাব ও প্রয়োজনের সঙ্গে পরিচিত না হওয়ার বিষয়টি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

“বিশ্বের ৬৫টি দেশে এই প্রতিযোগিতার আয়োজন করায় এর এক্সপোজারও বেশি। এই সুযোগটিই আমরা কাজে লাগাতে চাই। আমরা তাদের কাছ থেকে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। একই সঙ্গে বিশ্বকে জানিয়ে দিতে চাই ভবিষ্যত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে”, বলেন পলক।