২০২৪'র পর "কেবল" চীনের স্পেইস স্টেশন
২০২৪ সালে ইন্টারন্যাশনাল স্পেইস স্টেশন-এর অব্যাহতির পর হয়ত চীনের স্পেইস স্টেশনই হবে একমাত্র স্পেইস স্টেশন, এমনটাই জানিয়েছেন চায়না অ্যারোস্পেইস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন (সিএএসসি)-এর এক কর্মকর্তা।
২০১৮ সালের মধ্যে চীন 'লং মার্চ-৫' নামের ভারী বাহক রকেট চালনার মাধ্যমে তাদের স্পেইস স্টেশনের কোর মডিউল পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা করছে। তা ছাড়াও প্রায় ২০ টনের এই স্পেইস স্টেশন ২০২২ সালের মধ্যে অরবিটে পাঠানো হবে বলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান সিএএসসি-এর চেয়ারম্যান লেই ফানপেই।
আন্তর্জাতিক স্পেইস স্টেশনের পর, একমাত্র চীনের স্পেইস স্টেশনই হয়তো সেবা দিয়ে যাবে বলে জানান লেই।
লেই-এর তথ্যমতে, চীনের নির্মিত এই স্পেইস স্টেশনে আছে একটি কোর মডিউল আর দুটি ল্যাব মডিউল। সেইসঙ্গে আছে কিছু পোর্ট, যা ডকে একাধিক স্পেইসক্রাফট সংযোগের অনুমতি দেয়।
আইএএনএস জানিয়েছে, একটি বাহক স্পেইসক্রাফট আর কার্গো স্পেইসক্রাফট যোগান সরবরাহ অব্যাহত রাখতে পৃথিবী আর স্পেইসক্রাফটের মধ্যে পরিভ্রমণ করবে। চীনা নভোচারী তাইকোনাতরা এই স্পেইস স্টেশনে এক বছরেরও বেশি কাটিয়ে দিতে পারেন।
অরবিটে স্পেইস স্টেশনটির জীবদ্দশা প্রায় ১০ বছর, যা পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে।
রাশিয়ার পর চীন হবে দ্বিতীয় দেশ, যার নিজস্ব স্পেইস স্টেশন থাকবে- আশা প্রকাশ করেন লেই।
১৯৯২ সালে চীন এই স্পেইস প্রোগ্রামের জন্য তিন ধাপের কৌশল অবলম্বন করেছিল। মানব ধারণক্ষমতাসম্পন্ন বৃহত্তর স্পেইস স্টেশন নির্মাণ ছিল তাদের শেষ ধাপের কাজ।
এই বছরের অক্টোবরে 'শিনঝু-১১' দুইজন তাইকনাত-কে 'তিয়াংগং -২' তে বহন করে নিয়ে যায়। তারা সেখানে প্রায় ৩০ দিন অবস্থান করেন।
