২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক মন্থন জিতল ১৪ প্রকল্প

শনিবার রাতে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’-এ সাতটি বিভাগে ১৪টি প্রকল্প বিজয়ী হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল উদ্ভাবনকে স্বীকৃতি দিতে ব্র্যাক-এর উদ্যোগে এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে ব্র্যাক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, "আমাদের সৃজনশীল ও উদ্যমী তরুণরাই বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে প্রযুক্তিগত উদ্ভাবনেও তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।" এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-এর নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা, ডিইএফ-এর প্রতিষ্ঠাতা ওসামা মানজার, ব্র্যাক-এর স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট-এর উর্ধ্বতন পরিচালক আসিফ সালেহসহ অনেকে। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বিজয়ীরা বাংলাদেশের পক্ষ থেকে এ বছর সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে পারবেন। 

এ প্রতিযোগিতায় বিজয়ী ১৪ টি প্রকল্প হচ্ছে- ই-বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশান বিভাগে হিউম্যাক ল্যাব লিমিটেড-এর 'সেলিস্কোপ' প্রজেক্ট এবং ক্লাউড সলিউশন লিমিটেড-এর 'সিএসএল মোবাইল অ্যাকাউন্টস' প্রজেক্ট, ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে 'রেপ্টো এডুকেশন সেন্টার', 'টেন মিনিট স্কুল' এবং 'ইয়থ অপারচুনিটিজ', ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি বিভাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'কৃষকের জানালা-আপনার ফসলের সমস্যার সমাধান এখানেই' প্রজেক্ট, ই-গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এনামেলবিডি-র 'ভ্যাট চেকার' প্রজেক্ট এবং 'মাতিউরা ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন' প্রজেক্ট, ই-হেলথ বিভাগে আরএক্স সেভেনটি ওয়ান লিমিটেড-এর 'আরএক্স সেভেনটি ওয়ান' প্রজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন প্রোগ্রাম 'রুরাল হেলথ কেয়ার ইউজিং ইনডিজিনিয়াসলি ডেভেলপড টেকনোলজি', ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে সফটওয়্যার শপ লিমিটেড-এর 'ই-টিউনস' প্রজেক্ট এবং প্যাভিলিয়নের প্রজেক্ট 'প্যাভিলিয়ন', ই-কালচার, হেরিটেজ অ্যান্ড টুরিজম বিভাগে আকালিকো রেকর্ডস-এর 'ট্রান্সলেশন-অ্যান্ড ইলেকট্রনিক মিউজিক কমপাইলেশন বাই আকালিকো রেকর্ডস' প্রজেক্ট এবং 'ভ্রমণ'। দুইটি বিভাগে (এম-কনটেন্ট এবং ই-উইমেন, ইনক্লুশান অ্যান্ড এমপাওয়ারমেন্ট) আশানুরূপ ভাল না করায় কেউ পুরস্কার পাননি।