যুক্তরাজ্যে অনলাইন ট্রল শাস্তিযোগ্য
অনলাইনে হানিকারক ‘ট্রল’ বা বিদ্রুপাত্মক ছবি বা হ্যাশট্যাগ-এর জন্য শাস্তির নতুন বিধান করেছে যুক্তরাজ্য এবং ওয়েলস।
সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অন্যান্য অনলাইন মাধ্যমে কাউকে হেয় করে ট্রল করা হলে এবার তার বিরুদ্ধে মামলার বিধান করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, জানিয়েছে বিবিসি।
অনলাইনে কোনো ব্যক্তি বা বিষয় নিয়ে ব্যাঙ্গাত্মক ছবিকেই সাধারণ অর্থে ট্রল বলা হয়ে থাকে। আর অনলাইনে কাউকে বিরক্ত বা উত্যক্ত করাকে বলা হয় ‘ভার্চুয়াল মবিং’।
এবার ভার্চুয়াল মবিং-এর জন্যও বাস্তব জীবনে কাউকে উত্যক্ত করার জন্য যে ধরনের মামলার বিধান রয়েছে সেই একই বিধান প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। পাবলিক প্রসিকিউশনের পরিচালক বলেন, “এর মানে হলো তাদেরকে অনলাইনেও সেভাবেই শাস্তি দেওয়া হবে যেমনটা অফলাইনে দেওয়া হয়ে থাকে।”
তিনিও আরও বলেন, এই বিধানের জন্য কারো “বাক স্বাধীনতা রোধ” হচ্ছে বলে ধরা হবে না।
নতুন বিধানের কারণে পুলিশ অনলাইনআশ্রয়ী অপরাধগুলো আরও সহজে শনাক্ত করতে পারবে বলেও ধারণা করা হচ্ছে।
বিবিসি রেডিও ৪ এর সঙ্গে সাক্ষাতকারে পাবলিক প্রসিকিউশনের পরিচালক অ্যালিসন সন্ডার্স বলেন, “ইন্টারনেট কোনো অজ্ঞাতনামা জায়গা না যেখানে মানুষ কোনো গুরুত্ব ছাড়াই সবকিছু পোস্ট করতে পারবেন। মানুষের তার নিজের কর্ম সম্পর্কে চিন্তা করা উচিত।”
সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয় চারজনের মধ্যে একজন কিশোর অনলাইনে যৌন প্রবৃত্তি, জাতি, ধর্ম, লিঙ্গ অথবা অক্ষমতা নিয়ে বিদ্রুপের শিকার হন। এরই প্রেক্ষিতে অনলাইনে ট্রলের উপর নতুন বিধান করা হয়েছে বলে জানানো হয়েছে।
