বিজ্ঞাপনে ‘যৌনকর্মী’, মালিক আটক
বিজ্ঞাপন সেবাদাতা প্রতিষ্ঠান ব্যাকপেইজ ডটকম-এর প্রধান কার্ল ফেরার-কে আটক করা হয়েছে। যৌন অপরাধের কারণে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া'র রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তিন বছর ধরে চলা তদন্ত শেষে জানা যায়, প্রতিষ্ঠানটির দেওয়া অনেক 'প্রাপ্তবয়স্কদের সঙ্গী'র বিজ্ঞাপনসেবায় যৌনকর্মীরা জড়িত ছিলেন। আর এই সেবায় শিশুসহ অনেকে 'সেক্স ট্রাফিকিংয়ের' শিকার হন বলে অভিযোগে জানানো হয়েছে। 'সেক্স ট্রাফিকিং' বলতে কাউকে জোড়পূর্বক যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করাকে বোঝায়।
ওই প্রতিষ্ঠানের আরও দুই নিয়ন্ত্রক শেয়ারধারীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে, সারাবিশ্বে পরিচালিত হওয়া এই সাইটটি এখনও অনলাইন রয়েছে।
২০১২ সালে বিবিসি এ নিয়ে এক প্রতিবেদন করেছিল। তখন সাইটটির মালিকরা জানান, তারা বৈধভাবে কাজ করছেন এবং কর্তৃপক্ষকে যারা এই সাইট অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করছেন।
সাইটটির নীতিমালায় বলা আছে, "এমন কোনো কনটেন্ট যা কোনোভাবে মানব পাচারে সহায়তা করে" সাইটটিতে পোস্ট করা নিষিদ্ধ আর ব্যবহারকারীদের অবশ্যই স্থানীয় আইন মেনে চলতে হবে।
ব্যবহারকারীরা এই সাইটে বিভিন্ন শিরোনামে কেনাবেচা, সম্পত্তি ভাড়া, চাকরী, ইভেন্ট বা প্রাপ্তবয়স্ক সেবার বিজ্ঞাপন দিতে পারেন।
বিবিসি ফেরার আর ব্যাকপেইজ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
