২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে ডেটা সেন্টার বানাবে ফেইসবুক

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের তৃতীয় ডেটা সেন্টার বানাতে যাচ্ছে ফেইসবুক। সাইটটির ক্রমবর্ধমান ডেটা, ছবি আর ভিডিও সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ডেনমার্কে নতুন এই ডেটা সেন্টার বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগের মাধ্যম, জানিয়েছে এক ড্যানিশ সংবাদ সাইট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

ড্যানিশ সাইট ফিয়েন্স ডট ডিকে-এর বরাতে রয়টার্স জানায়, দেশটির ওডেন্স-এ ১৮৪০০০ বর্গমিটার এলাকাজুড়ে ওই ডেটা সেন্টার বানানো হবে।

২০১৩ সালে সুইডেনে একই ধরনের একটি ডেটা সেন্টার বানায় ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। বর্তমানে তারা আয়ারল্যান্ডে আরেকটি ডেটা সেন্টার নির্মাণ করছে।

চলতি বছর সেপ্টেম্বরে পুরোপুরি নবায়নযোগ্য শক্তি দিয়ে পরিচালিত নতুন ডেটা সেন্টার চালু করে ফেইসবুক। প্রতিষ্ঠানটির এই সপ্তম ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লস লুনাস অঞ্চলে অবস্থিত। সে সময় এ নিয়ে নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, “ডেটা সেন্টারগুলো আপনার কাছে ফেইসবুকের সব সেবা সরবরাহ করে। এগুলো হচ্ছে এখন পর্যন্ত বানানো সবচেয়ে জটিল যন্ত্রগুলোর কয়েকটি। লস লুনাস ডেটা সেন্টার বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিসাশ্রয়ী ডেটা সেন্টার হবে। নিউ মেক্সিকোতে বিনিয়োগ করে ও লস লুনাস সম্প্রদায়ের অংশ হতে পেরে আর বৈশ্বিক সম্প্রদায়কে সংযুক্ত রাখতে বিশাল অবকাঠামো নির্মাণ অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত।”

চলতি বছর ২৮ সেপ্টেম্বর নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে জাকারবার্গ জানান, সুইডেনে নির্মিত ডেটা সেন্টারটির মূল ভবনের আকার ছয়টি ফুটবল মাঠের সমান।