এবার এল 'হালকা' মেসেঞ্জার
নিজেদের মেসেজিং সেবাদাতা অ্যাপ মেসেঞ্জারের নতুন একটি সংস্করণ চালু করেছে ফেইসবুক। আন্তর্জাতিক বাজারে এই অ্যাপের বিস্তৃতি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যমটি।
'মেসেঞ্জার লাইট' নামে এই সংস্করণ কম ডেটা খরচেই ব্যবহার করা যাবে। কেনিয়া, তিউনিশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা আর ভেনিজুয়লেয়ায় ধীরগতির ইন্টারনেট সংযোগ রয়েছে এমন এলাকাগুলোয় সেবা দিতে এটি বানানো হয়েছে। সামনের মাসগুলোতে অন্যান্য দেশেও এই সুবিধা আনা হবে বলে জানিয়েছে ফেইসবুক।
উত্তর আমেরিকা আর ইউরোপসহ পশ্চিমা বাজার বিশালভাবেই দখল করেছে ফেইসবুক, বলা হয়েছে রয়টার্স-এর এক প্রতিবেদনে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর দিকে নজর দিচ্ছে সোশাল জায়ান্ট। শুরুতে মূল ফেইসবুক অ্যাপের 'লাইট' সংস্করণ আনার পর এবার মেসেঞ্জারেও এমন সংস্করণ আনা হল। মূল অ্যাপগুলো তুলনায় এই সংস্করণগুলোর ফিচার কিছুটা কম থাকে।
এই সংস্করণে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখনও মেসেঞ্জারের মূল ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে টেক্সট মেসেজ, ছবি বা লিঙ্ক পাঠানো গেলেও কোনো ভিডিও বানানো, ভয়েস কল করা বা লেনদেন সম্পন্ন করা যাবে না।
এক সাক্ষাৎকারে মেসেঞ্জার প্রধান ডেভিড মারকাস বলেন, "মেসেঞ্জার পণ্যগুলো যে আসলেই সবার জন্য তা আমরা নিশ্চিত করতে চাই।"
৩৬টিরও বেশি দেশে 'ফ্রি বেসিকস' নামে ইন্টারনেটেরও একটি কম ডেটা খরচের সেবা প্রদান করে ফেইসবুক। উন্নত ইন্টারনেট সংযোগ নেওয়ার মতো সামর্থ্য নেই এমন লোকদের সংযুক্ত করতেই এই সেবা দেওয়া হচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির। কিন্তু এই ফ্রি বেসিকস নিয়ে বিতর্কও রয়েছে। চলতি বছর 'নেট নিরপেক্ষতা' লঙ্ঘনের অভিযোগে ভারতে আর সরকারকে ব্যবহারকারীদের উপর নজরদারি করতে না দেওয়ায় মিশরে এই সেবা বন্ধ করে দিয়েছে দেশদুটির সরকার। বাংলাদেশে একাধিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবা চালাচ্ছে ফেইসবুক।
ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বরাবরই বিশ্বের সব মানুষকে ইন্টারনেটে যুক্ত করাকে নিজ প্রতিষ্ঠানের লক্ষ্য বলে জানিয়ে আসছেন।
