২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমানোয় 'কাজে দেয় না' ডিভাইস

প্রতিদিন লাখ লাখ ফিটনেস ট্র্যাকার ব্যবহারকারি আদতে তাদের ওজন কমাতে এসব ডিভাইস থেকে কোনো সুবিধা পাচ্ছেন না, সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য জানা গেছে।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

স্কাই নিউজ জানিয়েছে, গবেষকরা অতিরিক্ত ওজনের প্রায় পাঁচশ' মানুষের উপর দুই বছর গবেষণা চালান। গবেষণার ফলাফল থেকে দেখা যায়, যেসব রিস্টব্যান্ড ও পরিধেয় ডিভাইস মানুষের শারীরিক অবস্থা শনাক্ত করে ফিডব্যাক দেয়, সেগুলোর ব্যবহারে মানুষের ওজন কমাতে উপকার পাওয়ার হার প্রযুক্তি ছাড়াই শারীরিক কসরতের মাধ্যমে ওজন কমানোর তুলনায় অনেক কম। এ থেকে ওজন কমাতে এসব ডিভাইস তেমন সহায়ক নয় বলে বলা হচ্ছে।

গবেষণায় অংশ নেওয়া তরুণ অংশগ্রহণকারীদের কম ক্যালরিযুক্ত খাবার খেতে দেওয়া হয়েছিল এবং প্রতিদিন ব্যায়াম করানো হয়েছিল। এ ছাড়াও ইউনিভার্সিটি অফ পিটসবার্গের গবেষণার অংশ হিসেবে তাদেরকে গ্রুপ কাউন্সেলিং সেশনেও ডাকা হয়েছিল। পরবর্তি ছয় মাসে, স্বেচ্ছাসেবক দলের একটি অংশকে তাদের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ফিটনেস ট্র্যাকার ব্যবহার করতে দেওয়া হয়।

দুই বছর পর দেখা যায়, যারা ট্র্যাকার ব্যবহার করেছেন তারা গড়ে ৩.৫ কেজি ওজন কমাতে পেরেছেন। অন্যদিকে ট্র্যাকার ব্যবহার করেননি এমন অংশগ্রহণকারীরা প্রায় ৫.৯ কেজি পর্যন্ত ওজন কমাতে সক্ষম হয়েছেন।

ওই বিশ্ববিদ্যালয়ের ড. জ্যাকিক বলেছেন, "এমন হওয়ার একটি কারণ হতে পারে যে, ব্যবহারকারী ডায়েটের মত গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ দিয়ে হয়ত 'অ্যাকটিভিটি' তথ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। হয়ত তারা ভেবে বসেন, 'ওহ! আমি আজ অনেক কাজ করেছি। তাই আরেকটু বেশি খেতেই পারি।"

ফিটনেস ট্র্যাকিং ডিভাইস নির্মাণে পরিচিত প্রতিষ্ঠান ফিটবিট বলে, "আমরা আমাদের পরিধানযোগ্য ডিভাইসসহ ফিটবিট প্লাটফর্ম ব্যবহারকারীদের ইতিবাচক ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী।"