ব্যাটারি ক্ষয় 'করে' আইওএস ১০
অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর সর্বশেষ সংস্করণ আইওএস ১০ চালুর পরপরই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এবার সে তালিকায় যোগ হল ব্যাটারিজনিত সমস্যাও।
১৪ সেপ্টেম্বর বের হওয়ার পর কয়েকজন আইফোন ব্যবহারকারী দাবি করেছেন যে, এই সফটওয়্যার তাদের ডিভাইসে অনেক সমস্যা সৃষ্টি করেছে, যার ফলে তারা শেষ পর্যন্ত তাদের ডিভাইসে ফ্যাক্টরি রিসেট করতে বাধ্য হয়েছেন।
অন্যান্যরা, বিশেষত যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ব্যবহারকারী গ্রাহকরা অভিযোগ করেছেন, এই অপারেটিং সিস্টেম ব্যবহারের ফলে তাদের সিগন্যাল পেতে সমস্যা হচ্ছে।
অ্যাপল অবশ্য ইতোমধ্যেই উভয় সমস্যার সমাধান করেছে। তবুও আইওএস ১০ এর সমস্যার এখনও পুরোপুরি সমাধান হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
কয়েকজন আইফোন ব্যবহারকারী সম্প্রতি অভিযোগে জানিয়েছেন যে, এই সফটওয়্যার আপডেট তাদের ব্যাটারির উপর বাজে প্রভাব ফেলেছে। আইওএস আপগ্রেড করার পর তাদের ব্যাটারি দ্রুত ক্ষয় হচ্ছে- টুইটার আর অ্যাপলের অনলাইন ফোরামে ব্যবহারকারীদের এমন অভিযোগের ঝড় উঠেছে। একাধিক বিশ্বস্ত সূত্র থেকে অভিযোগ প্রমাণের পর অ্যাপল বিষয়টি স্বীকার করেছে।
সাধারণত নতুন অপারেটিং সিস্টেম ইনস্টলের কয়েকদিনের মধ্যেই অ্যাপল বেশ কিছু সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে নেয়, যা প্রসেসরের উপর প্রভাব ফেলে।
অ্যাপলের ‘স্পটলাইট ফিচার’ ব্যাটারি দ্রুত শেষ হওয়ার আরেকটি কারণ বলে জানিয়েছে ওই ট্যাবলয়েড। তাই আইওএস ১০-এর চেয়ে আগের আইওএস ৯-এ ফিরে যাওয়ার কথা বিবেচনা করছেন এখন অনেকে।
মোবাইল ফোন ও ওয়েব বিশ্লেষণা প্রতিষ্ঠান মিক্সপ্যানেল-এর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৩৭ শতাংশ মানুষ বর্তমানে আইওএস ১০ ব্যবহার করছেন এবং ৫৯ শতাংশ মানুষ আইওএস ৯ ব্যবহার করে যাচ্ছেন। অন্যদিকে কেবল পাঁচ শতাংশ মানুষ এখনও অ্যাপলের পুরানো অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন।
