২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকলারেনের সঙ্গে ‘আলোচনা হয়নি’ অ্যাপলের

ব্রিটিশ ফর্মুলা ওয়ান দলের মালিক ও সুপারকার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকলারেন-কে কিনতে চেয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, বুধবার এমন খবরকে উড়িয়ে দিয়েছে ম্যাকলারেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

"আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ম্যাকলারেন কোনো সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে অ্যাপলের সঙ্গে আলোচনা করেনি" —বলেন ম্যাকলারেন-এর একজন মুখপাত্র। "আপনি যেমনটা ধারণা করেছিলেন, আমাদের ব্র্যান্ডের প্রকৃতি এমন যে অনেক দলের সঙ্গে অনেক গোপন আলোচনা করি এবং স্বাভাবিকভাবেই তা গোপন রাখি।"

এর আগে তিনটি সূত্রের বরাতে ফিনানশিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, ম্যাকলারেন-এ কৌশলগত বিনিয়োগ বা একটি সম্ভাব্য ‘বাইআউটের’ জন্য অ্যাপল পদক্ষেপ নিতে যাচ্ছে।

ম্যাকলারেন-এর মূল্য একশ' কোটি থেকে দেড়শ' কোটি পাউন্ড হতে পারে, জানিয়েছে রয়টার্স।

ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন নিয়ে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি। তবে, ওই প্রতিবেদনে অ্যাপল স্বচালিত গাড়ি নির্মাণে কাজ করতে যাচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।  

আইফোননির্মাতা প্রতিষ্ঠানটি শেষ কয়েক বছরে কয়েক ডজন স্বচালিত গাড়ি বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে এবং বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির চেষ্টা করেছে বলেও অনেক প্রতিবেদনে জানা যায়। এ ছাড়াও চলতি বছরের শুরুর দিকে অ্যাপল চীনা রাইডহেইলিং প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ে শতকোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

ম্যাকলারেন ফর্মুলা ওয়ান দল অটোমোবাইল নির্মাতা জাপানি প্রতিষ্ঠান হন্ডা'র সঙ্গে যৌথভাবে কাজ করছে। হন্ডা তাদেরকে পাওয়ার ইউনিট সুবিধা দিচ্ছে। প্রতিযোগিতা জয়ের ক্ষেত্রে আর শিরোনামের দিক থেকে এই দল ফেরারির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ২০১২ সালের পর এই দল আর কোনো গ্রাঁ প্রি জিতে নিতে পারেনি।