২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিলফেও'-কে কিনছে রেনল্ট-নিসান

সফটওয়্যার নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান সিলফেও-কে কেনার ঘোষণা দিয়েছে রেনল্ট এসএ আর নিসান মটর কো.। বৈশ্বিক অটোমোবাইল নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিতে আর রাইডহেইলিং ও কার শেয়ারিংয়ের মতো সেবা আনতে এই ঘোষণা দিল এই দুই অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 08:01 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

এই ক্রয়ের বিষয়ে অটোমোবাইল নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান রেনল্ট আর জাপানি প্রতিষ্ঠান নিসান জানিয়েছে, এর মাধ্যমে তারা সফটওয়্যার প্রতিষ্ঠানটির ৪০জন প্রকৌশলী আর পরামর্শককে পেতে যাচ্ছেন। তাদের দিয়ে প্রতিষ্ঠানদুটির সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ক্লাউড ইঞ্জিনিয়ারিং খাতে উন্নয়ন সম্ভব হবে।

রেনল্ট-নিসান জোটের কানেকটেড ভেইকলস অ্যান্ড মবিলিটি সার্ভিসেস-এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অগি রেডজিক বলেন, "এই জোটে যোগ দিতে যাওয়া সিলফেও-এর সফটওয়্যার ডেভেলাপার আর ক্লাউড প্রকৌশলীরা পরবর্তী প্রজন্মের গাড়ি আর অন্যান্য উন্নত প্রযুক্তির উপর কাজ করার সুযোগ পাবেন। বৈশ্বিক অটোমোবাইল খাতের এই অসাধারণ পরিবর্তনের যুগে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন।" 

স্বয়ংক্রিয় গাড়ি, রাইড-শেয়ারিং আর অন্যান্য সংযুক্ত সেবা বাড়তে থাকায়, এই খাতে নিজেদের অবস্থান শক্ত করতে সফটওয়্যার প্রতিষ্ঠান আর মবিলিটি স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছে টয়োটা থেকে শুরু করে জেনারেল মোটর্স পর্যন্ত অটোমোবাইল খাতের প্রতিষ্ঠানগুলো, জানিয়েছে রয়টার্স।

এই জোটের গাড়ি সেবা প্লাটফর্মে অ্যাপ্লিকেশন নির্মাণে সিলফেও কাজ করবে বলে জানিয়েছে রেনল্ট-এর একজন মুখপাত্র। দ্রুত ক্রমবর্ধমান মবিলিটি সেবাখাতে আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে এই জোট তিনশ'জন প্রযুক্তি বিশেষজ্ঞকে নিয়োগের চেষ্টা চালাচ্ছে। এই পদক্ষেপ ওই প্রচেষ্টারই অংশ বলে জানিয়েছেন তিনি। 

২০২০ সালের মধ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তির ১০টি মডেলের গাড়ি বের করার পরিকল্পনা করেছে এই দুই প্রতিষ্ঠান।