২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের ইভেন্ট ৪ অক্টোবর

চলতি বছর ৪ অক্টোবর একটি ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। এই ইভেন্টে প্রতিষ্ঠানটি নতুন একটি স্মার্টফোন উন্মোচন করবে বলে আভাস পাওয়া গেছে।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

প্রতিষ্ঠানটি ছোট এক ভিডিও দিয়ে একটি টুইট করেছে। ওই টুইটে দেখা যায়, গুগল সার্চ বার একটি চারকোণা আকারে পরিণত হচ্ছে, আর সেখানে 'মেইডবাইগুগল' লেখা হ্যাশট্যাগ রয়েছে। ওই টুইটে ক্লিক করলে আরেকটি সাইটে নিয়ে যাওয়া হয়, ওই সাইটেও একই ভিডিও দেখানো হয়।

ওই ইভেন্টে গুগল তাদের নতুন ফ্ল্যাগশিপ 'নেক্সাস' ফোন বের করতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। তবে, কিছু কিছু সংবাদ প্রতিবেদনে এই ডিভাইসের নাম 'পিক্সেল' দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাজারে 'পিক্সেল সি' নামে প্রতিষ্ঠানটির একটি ট্যাবলেট ও 'পিক্সেল ক্রোমবুক' নামে একটি ল্যাপটপ রয়েছে। আসন্ন স্মার্টফোনেও এই নামকরণ রীতি বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কারও কারও ধারণা মতে, এই ডিভাইসটি হবে সাড়ে পাঁচ ইঞ্চি ও পাঁচ ইঞ্চির।

এই আমন্ত্রণে কিছু উচ্চমানের ছবি প্রদর্শন করা হয়েছে। এ থেকে নতুন ডিভাইসের ক্যামেরা ইভেন্টে ভাল আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। 

গুগল এই ধরনের ডিভাইস নিজেরা বানায় না। এই ফোনগুলো এইচটিসি বানাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ইভেন্টে নতুন একটি ক্রোমকাস্টও বের করা হতে পারে, যা ৪কে ভিডিও সমর্থন করবে।